বাগেরহাট, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে সুন্দরবন পূর্ব বিভাগের চরের খালে বাঘের আক্রমণে বুধবার এক জেলের মৃত্যু হয়েছে।
নিহত হেমায়েত শেখ (৩২) পার্শ্ববর্তী খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের ঢাংমারি গ্রামের বাসিন্দা।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে জানান, হেমায়েত ভোরে তার ভাইকে নিয়ে কাকড়া ধরতে চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশনের ঘাঘরামারি ক্যাম্পের চরের খালে যায়। সকাল ১০টার দিকে একটি বাঘ তার ওপর হামলা চালায় এবং তাকে ধরে নিয়ে বনে ঢুকে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মিহির কুমার বলেন, পরে তার ভাই ঘটনাটি ঘাঘরামারি ক্যাম্পের বনকর্মীদের জানালে তারা ঘটনাস্থল সংলগ্ন বনে তল্লাশি চালিয়ে হেমায়েতের লাশ উদ্ধার করে।
বনবিভাগের ঢাংমারি স্টেশন কর্মকর্তা কাজী মোকাম্মেল হোসেন জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগের কাকড়া ধরার অনুমতিপত্রে হেমায়েতের তার নাম অন্তর্ভূক্ত না থাকায় তাকে সরকার ঘোষিত ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হবে না বলে জানান তিনি।
তবে দাফন সম্পন্ন করতে তার পরিবারকে কিছু আর্থিক সহায়তা করা হয়েছে।
'বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত মানুষের জানমালের ক্ষতিপূরণ নীতিমালার আওতায় সরকার গত বছরের ১০ নভেম্বর থেকে বনের ভেতরে বাঘ, হাতি ও কুমিরের আক্রমণে নিহত অনুমোদিত ব্যক্তির পরিবারকে এক লাখ টাকা এবং পঙ্গুত্ব বরণকারীকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৬১৫ ঘ.
bdnews24