পাবনা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির এক মামলায় দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ তিন জনকে তলব করেছে পাবনার একটি আদালত।
বুধবার পাবনার বিচার বিভাগীয় হাকিম আদালতের বিচারক কবির উদ্দিন প্রামাণিক আগামী ২৭ জুন তাদের সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলার অপর দুই আসামি হলেন- পত্রিকাটির প্রকাশক মাহবুবা চৌধুরী ও পাবনা প্রতিনিধি সিরাজুল ইসলাম।
জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন বাদি হয়ে সকালে একই আদালতে মামলাটি করেন।
এতে অভিযোগ করা হয়, গত ২২ মে মানববজমিন পত্রিকায় বাদির বিরুদ্ধে মিথ্যা, কাল্পনিক ও ভিত্তিহীন খবর প্রকাশ করা হয়। এতে তার সম্মানহানি হয়েছে।
এজন্য তিনি আসামিদের কাছে এক কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/আরএ/১৫১৫ ঘ.
bdnews24