নারায়ণগঞ্জ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিকআপ চালককে পিটুনির জেরে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ট্রাফিক বক্সে হামলা করেছে শ্রমিকরা। এ সময় দুই পুলিশ কর্মকর্তা তাদের মারধরে আহত হয়েছেন।
এরা হলেন- ট্রাফিক পুলিশের সার্জেন্ট জিয়াউদ্দিন খান ও ইন্সপেক্টর আতাউর রহমান।
গুরুতর আহত জিয়াউদ্দিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাচঁপুর ব্রিজের মুখে একটি পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো ন-১১-০৬৭৩) সঙ্গে একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এরপর দুই বাহনের চালকরা সড়কের উপরে যান দাঁড় করিয়ে কথা কাটাকাটি শুরু করে।
এ সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট জামাল হোসেন ও কনস্টেবল জাফর আহমেদ তাদের পিকআপ ও সিএনজি রাস্তা থেকে সরিয়ে নিতে বলেন।
এ সময় তাদের সঙ্গে পিকআপ চালক সোহাগের কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশের লাঠির আঘাতে সোহাগ আহত হন।
খবর পেয়ে শিমরাইল এলাকা থেকে ৫০/৬০ জন শ্রমিক সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে ট্রাফিক পুলিশের বিচার দাবি করেন। পুলিশ তাদের লিখিত অভিযোগ দিতে বললে তারা সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে।
ট্রাফিক পুলিশের নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক (ইন্সপেক্টর) আতাউর রহমান জানান, দুপুর সাড়ে ১২টায় কয়েকটি পিকআপ ভ্যানে আসা শতাধিক লোক ট্রাফিক পুলিশ বক্সে ভাংচুর চালায়।
ওই সময় সার্জেন্ট জিয়াউদ্দিন খানকে লাঠিসোটা দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে তারা। তাকে বাঁচাতে এসে তিনি নিজেও (আতাউর রহম) আহত হন।
আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন শিমরাইল শাখার সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ট্রাফিক পুলিশ পরিবহন শ্রমিকদের মারধর করায় ক্ষুব্ধ শ্রমিকরা ট্রাফিক পুলিশের উপর হামলা চালিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবহন শ্রমিকরা থানায় এসে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। তাদেরকে লিখিত অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৯ ঘ.
bdnews24