২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালেকের টিউমার অপসারিত

বগুড়ার আব্দুল মালেকের টিউমারটি অবশেষে অপসারণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকরা। গত ৩০ বছর ধরে মালেকের পেটের ভেতরে বেড়ে উঠছিলো এটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 04:19 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার আব্দুল মালেকের টিউমারটি অবশেষে অপসারণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকরা। গত ৩০ বছর ধরে মালেকের পেটের ভেতরে বেড়ে উঠছিলো এটি। বগুড়ার চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করেছিলেন, মালেকের পেটের মাংসপিণ্ডটি তারই যমজের ভ্র"ণ। এর ভিত্তিতে মালেককে নিয়ে সংবাদপত্রে প্রতিবেদনও প্রকাশ করা হয়। তবে ঢাকায় পরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন, সেটি একটি টিউমার। মঙ্গলবার সকালে অস্ত্রোপচার করে ৪০ বছর বয়সী মালেকের পেট থেকে টিউমারটি অপসারণ করেন বিএসএমএমইউ-এর চিকিৎসকরা। তারা বলছেন, মালেকের পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সময় লাগবে। অস্ত্রোপচারের পর বিএসএমএমইউর চিকিৎসক অধ্যাপক জুলফিকার রহমান খান এক সংবাদ সম্মেলনে বলেন, "আড়াই ঘণ্টা ধরে জটিল এক অস্ত্রোপচারের মধ্যে দিয়ে অস্বাভাবিকভাবে বেড়ে ওঠা টিউমারটি আমরা অপসারণ করেছি।" এই শল্য চিকিৎসক জানান, অস্ত্রোপচারের সময় তারা এমন কিছু রক্তনালী খুঁজে পেয়েছেন যা টিউমারটির সঙ্গে সংযুক্ত। ওই টিউমারের কারণেই মালেকের দৈহিক বৃদ্ধি ঠিকমতো হয়নি। অধ্যাপক জুলফিকার বলেন, "পুরো প্রক্রিয়াটি ছিলো খুবই জটিল। রক্তনালীগুলোর কারণে বাড়তি সতর্কতাও অবলম্বন করতে হয়েছে আমাদের।" এ ধরনের টিউমারকে 'টেরাটোমা' বলে জানিয়ে এই চিকিৎসক বলেন, অনেক ক্ষেত্রে এটি ক্যান্সারে পরিণত হওয়ার আশঙ্কা থাকলেও মালেকের তা হয়নি। তবে মালেকের পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে বলে জানান তিনি। বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত জানান, এই হাসপাতালেই বিনা খরচে মালেকের সম্পূর্ণ চিকিৎসা দেওয়া হবে। গত মাসের শেষ দিকে পেটে তীব্র ব্যাথা নিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের বাসিন্দা আব্দুল মালেক। প্রাথমিক ওই পরীক্ষার পর সেখানকার চিকিৎসকরা জানান, মালেক যখন মায়ের গর্ভে ছিলেন, তখন একটি যমজও ছিল তার সঙ্গে। কিন্তু কোনোভাবে সেই ভ্র"ণটি মালেকের পেটে চলে যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় 'ফিটাস ইন ফিটু'। বিরল হলেও এ ধরনের ঘটনা একেবারে নতুন নয়। ১৭ মে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয় মালেককে। ঢাকায় সর্বাধুনিক সিটি স্ক্যান মেশিনে তাকে পরীক্ষার পর বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মজিদ ভূঁইয়া সোমবার জানান, মালেক একটি 'টেরাটোমা' টিউমার বহন করছেন, যার উৎপত্তি হতে পারে হাড় থেকে। বগুড়ায় চিকিৎসকরা উন্নত প্রযুক্তির সিটি স্ক্যানে পরীক্ষা করতে পারেননি বলেই বিষয়টি সনাক্ত করতে পারেননি বলে জানান তিনি। চিকিৎসকরা জানান, ছয় বছর আগে বিএসএমএমইউতে এ ধরনের টিউমারের প্রথম সফল অস্ত্রোপচার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/কিউএইচ/জেকে/২২১৫ ঘ.