ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরসহ বিভিন্ন স্থানে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ২৯টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সেইসঙ্গে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. মোশারফ হোসেন, মো. মনির হোসেন, মো. আব্দুর রাজ্জাক, মো. মিন্টু, আব্দুল আজিজ, মো. রুবেল, আব্দুল বারেক, শাহাদাত হোসেন, হারুন-অর-রশিদ, কামাল হোসেন, জাকিরুল ইসলাম, ফিরোজ, টুকু মিয়া, কামরুল ইসলাম, নেছার উদ্দিন মন্টু, দিল মোহাম্মদ, ফারুক সরকার, নজরুল ইসলাম, সানারুল ইসলাম, আবুল কাশেম, লাল মিয়া, মো. ইসমাইল, আবুল বাশার, মো. খলিল মিয়া এবং মো. সোহেল মিয়া।
একটি সংঘবদ্ধ চক্র চালকদের অজ্ঞান বা খুন করে এসব অটোরিকশা ছিনতাই করতো বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছিনতাই, চোর চক্রকে গ্রেপ্তার এবং গাড়ি ছিনতাই ও চুরি প্রতিরোধে র্যাব-১০ অনেকদিন ধরে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর শ্যামপুরসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চোরাই এসব সিএনজি উদ্ধার করা হয়।
এছাড়া ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তারও করেছে র্যাব।
এ অভিযানের নেতৃত্ব দেন র্যাব-১০ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার এম তাহিদুল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. বেলায়েত হোসেন।
র্যাবের দাবি, এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্নস্থান থেকে অটোরিকশা ছিনতাই ও চুরি করে আসছিল। এসব অটোরিকশা তারা বিক্রি করে দেয় বা কখনো মালিককে ডেকে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা পেলে অটোরিকশা ফেরত দিয়ে দেয়।
এই চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/এইচএ/২০১৫ ঘ.
bdnews24