ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেক্টর কমান্ডার্স ফোরাম সংবিধান সংশোধন নিয়ে মত দেওয়ার আগ্রহ প্রকাশ করায় এর বক্তব্য শোনার সিদ্ধান্ত নিয়েছে সংবিধান সংশোধন বিশেষ কমিটি।
বৃহস্পতিবার ফোরামের বক্তব্য শোনা হবে বলে সংসদ উপনেতা ও বিশেষ কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরী রোববার এক চিঠিতে ফোরামের সভাপতিকে জানিয়েছেন।
সকাল ১১টায় সংসদ ভবনে বিশেষ কমিটির সভা নির্ধারিত রয়েছে। আদালতের রায়ের পূর্ণাঙ্গ কপি নিয়ে এ বৈঠকে আলোচনা-পর্যালোচনা করবে কমিটি।
সেক্টর কমান্ডার্স ফোরামের সমন্বয়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুণ-অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফোরামের পক্ষ থেকে সংবিধান সংশোধনে মত দেওয়ার আগ্রহ প্রকাশ করে বিশেষ কমিটির কাছে এক চিঠি দেওয়া হয়।
গত ১৯ মে'র ওই চিঠির প্রেক্ষিতে পরিকল্পনামন্ত্রী ও সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি একে খন্দকারকে এক চিঠিতে বিশেষ কমিটির চেয়ারম্যান রোববার জানান, বৃহস্পতিবারের কমিটির বৈঠকে উপস্থিত থেকে ফোরাম মতামত তুলে ধরতে পারবে। তবে লিখিত মতামত পেলে ভালো হয় বলে উল্লেখ করেন চেয়ারম্যান।
গত বছর ২১ জুলাই সংসদ উপনেতাকে প্রধান করে সংবিধান সংশোধনে ১৫ সদস্যের বিশেষ কমিটির গঠন করা হয়।
এ পর্যন্ত কমিটি ২৫টি বৈঠক করে এবং কাজের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন। সংসদে প্রতিনিধিত্বকারী দল, সাবেক প্রধান বিচারপতি, আইনজ্ঞ, জ্যেষ্ঠ আইনজীবি, বিশিষ্টজন, সম্পাদকদের মতামত নেয়।
এর বাইরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লিখিত মতামত তুলে ধরে।
বিরোধী দল কমিটির ডাকে সাড়া দেয়নি।
পঞ্চদশ সংশোধনীর জন্য বিশেষ কমিটির সুপারিশ নবম অধিবেশনে উপস্থাপনের কথা বলেছেন কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০১০ ঘ.
bdnews24