রাজশাহী, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগরীর সিরোইলে ঢাকা বাস টার্মিনাল থেকে তিনটি পিস্তল ও ছয়টি গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মশিউর রহমান (২৮) দিনাজপুর উপশহরের তানজিলুর রহমানের ছেলে।
মশিউর অস্ত্র চোরাচালান দলের সক্রিয় সদস্য বলে পুলিশ জানায়।
রাজশাহী বাস টার্মিনালের পুলিশ বক্সের ইনচার্জ সার্জেন্ট মঞ্জুর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধ অস্ত্রের চালান ঢাকায় যাচ্ছে এমন খবরের ভিত্তিতে পুলিশ গাড়িটি তল্লাশি করে। পরে মশিউরের ব্যাগ থেকে তিনটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে তাকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয়।
বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন জানান, মশিউরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৯৩৮ ঘ.
bdnews24