ভোলা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালবৈশাখী ঝড়ে তার ছিঁড়ে যাওয়ায় পুরো ভোলা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
সোমবার বিকাল সাড়ে ৪টা থেকে আধঘণ্টার এ ঝড়ে সদর ও দৌলতখান উপজেলার বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে বহু গাছপালা। আহত হয়েছে অন্তত ১৫ জন।
ভোলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) নির্বাহী প্রকৌশলী (ব্যবস্থাপক) জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বহু স্থানে বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
মঙ্গলবার ছাড়া পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব নয়। তবে জেলা শহরের কিছু এলাকায় রাতে সরবররাহের চেষ্টা চলছে।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ঝড়ে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনো জানা যায়নি।
ভবানীপুর গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য আ. মান্নান জানান, প্রায় ৩০ মিনিট স্থায়ী এ ঝড়ে ভবানীপুর গ্রামের ৪০টি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। ঘর ও গাছচাপায় আহত হন অন্তত ১০ জন।
সদর উপজেলার বাপ্তা ইউপি চেয়ারম্যান বিল্পব মোল্লা জানান, ঝড়ে চাচড়া গ্রামের অন্তত ৫০টি ঘর বিধ্বস্ত হয়েছে। গাছ ও ঘরচাপায় আহত হন অন্তত ৫ জন।
সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজার কমিটির সচিব মো. নুরে আলম জানিয়েছেন, বাজারে ১০টি দোকান বিধ্বস্ত হয়েছে। এছাড়া ভোলা-ইলিশা সড়কে অন্তত ১৫টি গাছ উপড়ে গেছে।
একই উপজেলার মাঝের চর, মদনপুরা ও চর জহিরউদ্দিনে বেশকিছু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা কাসেম মাস্টার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২০ ঘ.
bdnews24