২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আইডবি প্রেসিডেন্ট

বাগেরহাটে একটি আধুনিক বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ইসলামী উন্নয়ন ব্যাংক প্রেসিডেন্ট আহম্মদ মোহাম্মদ আলী আল-মাদানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

বাগেরহাট, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে একটি আধুনিক বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ইসলামী উন্নয়ন ব্যাংক প্রেসিডেন্ট আহম্মদ মোহাম্মদ আলী আল-মাদানি। সোমবার শরণখোলা উপজেলার রায়েন্দা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) প্রেসিডেন্ট বলেন, দেশের উপকূলীয় ১৩টি জেলায় প্রায় সাড়ে তিনশ' আধুনিক বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করবে আইডিবি। বাংলাদেশ সরকারের প্রশংসা করে আইডিবি প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ আইডিবির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং পরীক্ষিত বন্ধু। আইডিবির আর্থিক অনুদান ও সহায়তার সর্বোচ্চ ব্যবহারে বাংলাদেশ সব সময় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। আইডিবি'র প্রেসিডেন্ট আরো বলেন, পদ্মা সেতু নির্মাণে আইডিবি ৯৮০ কোটি টাকা (১৪০ মিলিয়ন ডলার) আর্থিক সহায়তা দেবে। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে দেবে আরো ১১৯ কোটি টাকা। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে আইডিবির চুক্তি স্বাক্ষরিত হবে বলে তিনি জানান। আইডিবি প্রেসিডেন্টের সঙ্গে আরো ছিলেন তার ব্যক্তিগত সচিব সালাহ্ জেলাস, আইডিবি'র জ্যেষ্ঠ আইন কর্মকর্তা কায়ভান খাশাইয়ার, ফায়েল খায়ের কর্মসূচির সমন্বয়কারী হাসান এম সালেম, কর্মসূচি পরিচালক হাসান এম. জেং এবং উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- সাংসদ মোজাম্মেল হোসেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশারেফ হোসেন ভুইঞা, একই বিভাগের যুগ্ম-সচিব (মধ্যপ্রাচ্য) এটিএম মোস্তফা কামাল, ভূমি মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সচিব আবু আলম শহীদ খান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান, ফায়েল খায়ের প্রকল্পের ক্ষুদ্র ঋণ ফাইন্যান্স কর্মকর্তা আবুল কালাম আজাদ, ফায়েল খায়ের কর্মসূচির অফিস ম্যানেজার মিরানা মাহরুখ, বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেন, বাগেরহাটের পুলিশ সুপার খোন্দকার রফিকুল ইসলাম প্রমুখ। এর আগে দুপুর দেড়টায় তিনি সফর সঙ্গীদের নিয়ে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকা থেকে শরণখোলার রায়েন্দা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। অনুষ্ঠান শেষে বিকাল ৪টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে শরণখোলা ত্যাগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৭ ঘ.