ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে পিএসসি চুক্তি অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, যার বিরোধিতা করে আসছে তেল-গ্যাস রক্ষা কমিটি।
সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জ্বালানি মন্ত্রণালয়ের দেওয়া এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ নূরুল করিম সাংবাদিকদের বলেন, এ চুক্তির আওতায় বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধানের দায়িত্ব পাচ্ছে কনকো-ফিলিপস।
পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বিডিউিজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পেট্রোবাংলা প্রস্তাবটির বিভিন্ন দিক খতিয়ে দেখে মন্ত্রণালয়ে পাঠাবে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য সেটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্বালানি মন্ত্রণালয়েরও দায়িত্ব রয়েছেন।
নাগরিক সংগঠন তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ চুক্তির মধ্য দিয়ে কনকো-ফিলিপস উত্তোলিত গ্যাসের ৮০ শতাংশ রপ্তানির সুযোগ পেলো।
২০০৮ সালের মডেল পিএসসি অনুসরণে কনোকো-ফিলিপসের সঙ্গে উৎপাদন-বণ্টন চুক্তি হয়েছে। তাতে বলা হয়েছে, পাওয়া গ্যাসের ২০ শতাংশের মালিকানা পাবে বাংলাদেশ এবং ৮০ শতাংশ পাবে উত্তোলনকারী কোম্পানি। কোম্পানি তাদের গ্যাস বাংলাদেশের কাছে বিক্রিকে অগ্রাধিকার দেবে। তবে বাংলাদেশ কিনতে না পারলে তা তারা রপ্তানি করতে পারবে।
তেল-গ্যাস রক্ষা কমিটি বলছে, সাগর থেকে ওই গ্যাস মূল ভূখণ্ডে আনার অবকাঠামোগত সুবিধা না বাংলাদেশে না থাকায় কার্যত গ্যাস রপ্তানিই করতে পারবে বহুজাতিক কোম্পানি।
সোমবারের বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের লিবিয়া থেকে শ্রমিকদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) দায়িত্ব দেওয়ার প্রস্তাবও অনুমোদন হয়।
যুগ্মসচিব করিম বলেন, "আইওএম ইতোমধ্যে লিবিয়া থেকে ৩০ হাজারের বেশি শ্রমিক দেশে ফিরিয়ে আনায় এটা বিলম্বিত অনুমোদন।"
এছাড়া বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনকে সরকারি ক্রয় নীতিমালার (পিপিআর) থেকে অব্যাহতির মেয়াদ এক বছর বাড়ানোর প্রস্তাবও অনুমোদন করে কমিটি। বাণিজ্য মন্ত্রণালয় ওই প্রস্তাব করে।
করিম বলেন, অব্যাহতির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। গত বছর অনুমোদিত ওই অব্যাহতির মেয়াদ ২৫ মে শেষ হওয়ার কথা ছিলো।
বাণিজ্য, কৃষি, পররাষ্ট্র ও জ্বালানি মন্ত্রীরা এ বৈঠকে অংশ নেন। এছাড়া প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান এবং জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরীও বৈঠকে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এমআই/১৬৩০ ঘ.
bdnews24