শেরপুর, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে দুর্ঘটনার পর পুড়ে গেছে সিএনজিচালিত একটি বাস। আহত হয়েছেন বাসের ২০ যাত্রী।
সোমবার ভোর সাড়ে ৫টায় সদর উপজেলার উত্তর আলীনা পাড়া গ্রামে শেরপুর-ঢাকা সড়কে এ ঘটনা ঘটে বলে অগ্নি নির্বাপক বাহিনী জানিয়েছে।
অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শেরপুর ফায়ার স্টেশন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগায়। এরপর এটি রাস্তা থেকে নিচে পড়ে যায়।"
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়। নিচে একটি খড়ের গাদাও আগুনে পুড়ে যায় বলে জানান মোস্তাফিজুর।
দুর্ঘটনা কবলিত বাসটির ২০ যাত্রী আহত হয় বলে পুলিশ জানিয়েছে।
এরমধ্যে গুরুতর আহত আবুল হোসেন (৫০) ও মাহমুদকে (২৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং আব্দুল কুদ্দুস (৩৫) ও মনজুরুল হককে (৪০) শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪৮ ঘ.
bdnews24