খুলনা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ১৮টি আঞ্চলিক রুটে মালিক সমিতির ডাকা বাস ও মিনিবাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
সকাল থেকে এসব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ ছিল। তবে দূরপাল্লার বাস চলেছে।
রোববার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত খুলনা সার্কিট হাউসে প্রশাসন, মালিক ও শ্রমিকপক্ষের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আলীমুন রাজীব।
সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, আগামী ১৫ দিনের মধ্যে মহাসড়ক থেকে সকল প্রকার নছিমন, করিমন, ভটভটি এবং ব্যাটারি চালিত গাড়ি চলাচল বন্ধ করা হবে এমন আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করেন নেতৃবৃন্দ।
খুলনা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান মিজান জানান, আগামী ১৫ দিনের মধ্যে মহাসড়ক থেকে নছিমন, করিমন, ভটভটি এবং ব্যাটারি চালিত গাড়ি প্রত্যাহার করা নেওয়ার সর্বসম্মত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান পপলু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. মোমিনুর রহমান, পুলিশ সুপারিনটেনডেন্ট তানভীর হায়দার চৌধুরী, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি নুরুল হক লিপন, সাধারণ সম্পাদক এ কে এম শামীম রচিসহ বাগেরহাট, সাতক্ষীরার জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।
এর আগে নসিমন, করিমন, ভটভটি, ব্যাটারি চালিত গাড়ি এবং মাইক্রোবাসে যাত্রী পরিবহন বন্ধের দাবিতে খুলনা, বাগেরহাট, পিরোজপুরের বাস মালিক সমিতি খুলনার ১৮টি আঞ্চলিক রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেয়।
বাস মালিক সমিতির নেতারা গত ১৫ মে সংবাদ সম্মেলন করে শনিবার পর্যন্ত সময় বেঁধে দেন। ওই সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় রোববার ধর্মঘট শুরু করেন তারা।
এই ধর্মঘটের ফলে রোববার খুলনা-বাগেরহাট, খুলনা-পিরোজপুর, খুলনা-মহেশপুর, খুলনা-মংলা, মংলা-বাগেরহাট, খুলনা-রামপাল, খুলনা-গৌরম্ভা, খুলনা-বাগেরহাট (পুরাতন রাস্তা) এবং খুলনা-গোপালগঞ্জসহ স্থানীয় ১৮টি রুটে কোনো বাস ও মিনিবাস চলাচল করেনি।
বিকালে খুলনা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম শামীম রচি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইন প্রয়োগকারী সংস্থা এবং জেলা প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ এসব যানবাহন বন্ধের দাবি জানানো হয়েছে। প্রশাসন দাবি পূরণের আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/জেকে/২০১৭ ঘ.
bdnews24