চট্টগ্রাম, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্জ্য ফেলে কর্ণফুলী নদী দূষণ করায় চট্টগ্রামের দুটি টেক্সটাইল মিলের উৎপাদন বন্ধসহ মালিক পক্ষকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ ছাড়পত্র এবং বর্জ্য পরিশোধন প্ল্যান্ট না থাকায় নগরীর ভারী শিল্প এলাকার শাহ আমানত টেক্সটাইল মিলের উৎপাদন বন্ধ ও ২৮ লাখ টাকা জরিমানা এবং কালুরঘাট ভারী শিল্প এলাকার সানজি টেক্সটাইল মিলের উৎপাদন সাময়িকভাবে বন্ধ ও মালিক পক্ষকে ২২ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে চট্টগ্রাম মহানগর পুলিশ ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের একটি দলও অংশ নেয়।
মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবেশ ছাড়পত্র এবং বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) ছাড়াই শাহ আমানত টেক্সটাইল মিলের উৎপাদন চলছিলো। কারখানার বিষাক্ত বর্জ্য কর্ণফুলী নদী দূষণ করছিলো।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক হারুনুর রশিদ পাঠান বলেন, কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। ইটিপি স্থাপন ও পরিবেশ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।
মুনীর চৌধুরী বলেন, কালুরঘাট শিল্প এলাকার সানজি টেক্সটাইল লিমিটেড নামের কারখানায় বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) থাকা সত্ত্বও তা ব্যবহার করা হচ্ছিলো না।
এ সময় বর্জ্যমিশ্রিত পানির নমুনা পরীক্ষা করে তিন মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেন (প্রতি লিটারে), ৯ দশমিক ৬৮ পিএইচ পাওয়া গেছে বলে জানান তিনি।
এর আগেও অপরিশোধিত বর্জ্য পরিবেশে নির্গমণের প্রমাণ পাওয়ায় এ কারখানা কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিলো। বিপদজনক মাত্রায় নদী দূষণের প্রমাণ পাওয়ায় ২২ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হারুনুর রশিদ বলেন, চেকের মাধ্যমে জরিমানার টাকা আদায় করা হয়েছে এবং ইটিপি সংস্কার শেষে কারখানা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/পিডি/১৯৫৩ ঘ.
bdnews24