২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে সংঘাত, ইউপিডিএফ নেতা খুন

পার্বত্য জেলা রাঙামাটিতে গুলিতে নিহত হয়েছেন শান্তিচুক্তিবিরোধী পাহাড়ি সংগঠন ইউপিডিএফের এক কেন্দ্রীয় নেতাসহ অন্তত দুজন। ইউপিডিএফ হামলার জন্য জেএসএসকে দায়ী করে চার জন নিহত হওয়ার খবর দিয়েছে। পুলিশ দুটি লাশ উদ্ধারের কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 07:40 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

রাঙামাটি, মে ২১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য জেলা রাঙামাটিতে গুলিতে নিহত হয়েছেন শান্তিচুক্তিবিরোধী পাহাড়ি সংগঠন ইউপিডিএফের এক কেন্দ্রীয় নেতাসহ অন্তত দুজন। ইউপিডিএফ হামলার জন্য জেএসএসকে দায়ী করে চার জন নিহত হওয়ার খবর দিয়েছে। পুলিশ দুটি লাশ উদ্ধারের কথা জানিয়েছে। শনিবার সকালে বরকল উপজেলার শুভলং ইউনিয়নের নারেছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ইউপিডিএফ জানিয়েছে। জনসংহতি সমিতি- জেএসএস অবশ্য হামলায় দায় অস্বীকার করেছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) রাঙামাটি জেলার সংগঠক অলকেষ চাকমা সাংবাদিকদের বলেন, "নারেছড়ি এলাকায় একটি বাড়িতে ছিলো ইউপিডিএফের ৬ সদস্যের একটি দল। সকাল ৮টার দিকে চুক্তি পক্ষের এক দল সশস্ত্র লোক অতর্কিতে ব্রাশফায়ার করে।" তিনি বলেন, গুলিতে ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা অনিমেষ চাকমা, পুলক জীবন চাকমা, নব দ্বীপ চাকমা, কৃঞ্চভূষণ চাকমা ঘটনাস্থলেই নিহত হন। অন্য দুজন পালিয়ে বাঁচেন। শান্তিচুক্তির পক্ষ-বিপক্ষের মধ্যে গোলাগুলির খবর স্বীকার করে বরকল থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ শহীদ সাংবাদিকদের বলেন, পুলিশ দুটি লাশ উদ্ধার করেছে। তবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি। ইউপিডিএফ হামলার জন্য জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করলেও দলটির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহসম্পাদক সজীব চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জনসংহতি সমিতি সব সময় গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। অস্ত্রে নয়।" এক যুগ আগে সন্তু লারমা সরকারের সঙ্গে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরের পর এর বিরোধিতা করে গড়ে ওঠে ইউপিডিএফ। এরপর দুটি দলের বিরোধে পাহাড়ে অনেক রক্তক্ষয় হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৮ ঘ.