রাঙ্গামাটি, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার বারবার প্রতিশ্র"তি দিয়েও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন করছে না বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লালমা (সন্তু লারমা)।
শুক্রবার রাঙ্গামাটি জিমনেসিয়ামে মাঠে আয়োজিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৬তম কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে সন্তু লারমা বলেন, মহাজোট সরকারের ২৯ মাসে পার্বত্য চুক্তির কোনো ধারার বাস্তবায়ন হয়নি।
বিভেদ ভুলে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় পাহাড়ের আদিবাসী সব পক্ষকে জনসংহতি সমিতির নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চুক্তি বাস্তবায়নের সংগ্রামে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।
সন্তু লারমা বলেন, চুক্তি স্বাক্ষরের ১৪ বছর পার হলেও এখন পর্যন্ত কোনো সরকারই চুক্তি বাস্তবায়নে আন্তরিক হয়নি।
"যে আওয়ামী লীগ সরকার চুক্তি করেছিল সেই আওয়ামী লীগ সরকার দুইবার ক্ষমতায় এসেও চুক্তি বাস্তবায়নে পদক্ষেপ নেয়নি। অনেক প্রতিশ্র"তি এলেও গালভরা বুলি ছাড়া কাজের কাজ কিছুই হয়নি।"
অনুষ্ঠানে আদিবাসী অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খান রনো, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য্য, জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা কেএস মং মারমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম শুভ, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুস্তম, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সহসভাপতি গোপাল বর্মণ ও পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি উদয়ন ত্রিপুরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিসিপির সভাপতি বাবলু চাকমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/২০১৭ ঘ.
bdnews24