ঠাকুরগাঁও, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালকের অবহেলায় বগি লাইনচ্যুত হয়ে পড়ায় শুক্রবার ভোররাত থেকে ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে রেল চলাচল বন্ধ রয়েছে।
ঠাকুরগাঁও রেল স্টেশনের মাস্টার শওকত আলী জানান, ঠাকুরগাঁও বিদ্যুৎ কেন্দ্রের জন্য ডিজেল নিয়ে পার্বতীপুর থেকে 'বিটিও স্পেশাল' নামে ট্রেনটি ঠাকুরগাঁও স্টেশনে আসছিলো। তবে চালক মোজাহার আলী ঘুমিয়ে থাকায় ট্রেনটি ওই স্টেশন অতিক্রম করে যায়। এ সময় গেটম্যান বাঁশি বাজাতে থাকলে তিনি জেগে উঠেন। অবশ্য এর আগেই ট্রেনটি দূরে চিনিকলের কাছে গিয়ে থামে।
এ অবস্থায় চালক ট্রেনটি পিছনের দিকে নেওয়ার চেষ্টা করলে ডিজেল বোঝাই একটি বগি লাইনচ্যুত হয় বলেও জানান তিনি।
ঘুমিয়ে পড়ার কথা স্বীকার না করলেও চালক মোজাহার তার ব্যর্থতার কথা স্বীকার করে বলেন, "আসলে আমি স্টেশনটি খেয়াল করতে পারিনি।"
দুর্ঘটনার পর থেকে ওই রুটের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা শান্তাহারগামী যাত্রীবাহী ট্রেন ঠাকুরগাঁও থেকে ১৬ কিলোমিটার উত্তরে রুহিয়া স্টেশনে আটকা পড়েছে।
স্টেশন মাস্টার শওকত আলী জানান, পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসেছে। বিকালের মধ্যেই উদ্ধারকাজ শেষ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৫৫৪ ঘ.
bdnews24