২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তানজানিয়ায় চাষাবাদের চুক্তি করছে বেসরকারি এক প্রতিষ্ঠান

চাষাবাদের জন্য জমি বন্দোবস্ত নিতে তানজানিয়ার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশের একটি বেসরকারি প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 03:22 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাষাবাদের জন্য জমি বন্দোবস্ত নিতে তানজানিয়ার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশের একটি বেসরকারি প্রতিষ্ঠান। 'ভাটিবাংলা অ্যাগ্রোটেক' নামের ওই প্রতিষ্ঠান প্রাথমিকভাবে ৩০ হাজার হেক্টর জমি চাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মিজানুর রহমান আজাদ তানজানিয়া থেকে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তানজানিয়া কৃষি অংশিদারিত্ব অধিদপ্তরের কাছে আগামীকাল শুক্রবার আমাদের প্রস্তাব ও কর্মপরিকল্পনা জমা দেব। আশা করছি এক সপ্তাহের মধ্যেই এই প্রক্রিয়া শেষ হবে।" প্রাথমিক পর্যায়ে ৯৯ বছরের জন্য ৩০ হাজার হেক্টর জমি বন্দোবস্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে প্রতি হেক্টর জমির বন্দোবস্ত খরচ পড়বে বার্ষিক ১৩৫ টাকা। জুনের ১০ তারিখ থেকেই আমরা চাষাবাদ শুরু করতে চাচ্ছি। সেখানে ২০ থেকে ২৫ লাখ হেক্টর জমি বন্দোবস্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান আজাদ। তিনি বলেন, "বন্দোবস্ত ইস্যুতে আমি তানজানিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। চুক্তিতে ১৮টি প্রধান বিষয় স্থান পাবে। জমিতে যেকোনো শস্য উৎপাদনের অনুমতি, বাংলাদেশ থেকে কৃষক ও বীজ আনা, মুনাফা পাঠানো এবং ঋণের বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে।" দক্ষিণ সুদান, কেনিয়া, জাম্বিয়া, উগান্ডা ও মোজাম্বিকে জমি বন্দোবস্ত নেওয়ার সুযোগ রয়েছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, "এসব দেশে জমি বন্দোবস্ত নেওয়া সম্ভব হলে বহু বছর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না।" পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, গত মাসে বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধি উগান্ডা গিয়েছিলো। তারা সেখানে ১০ হাজার হেক্টর জমি বন্দোবস্ত নেওয়ার প্রাথমিক আলাপ শেষ করে এসেছে। "বিদেশের মাটিতে চাষাবাদযোগ্য জমি বন্দোবস্ত নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা তৈরি করেছে মন্ত্রণালয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/২১১৮ ঘ.