সাতক্ষীরা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় এক চিংড়িচাষী খুন হয়েছেন। হত্যার পর লাশটি পুঁতে রেখেছিলো সন্ত্রাসীরা।
নিহতের নাম আব্দুল লতিফ (৪০)। বৃহস্পতিবার সকালে নেংগী গ্রামে ঘের থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা, পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সন্ত্রাসীরা রাতের কোনো এক সময় লতিফকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করে বলে ধারণা করছি। তার সারা শরীরে বিশেষ করে গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
লতিফের লাশ মাটিতে পোঁতা অবস্থায় পাওয়া যায়। তার মাথা নিচের দিকে ও পা ওপর দিকে ছিলো বলে পুলিশ কর্মকর্তা নজরুল জানান।
স্থানীয়রা জানায়, লতিফ তার পরিবারের সদস্যদের নিয়ে বুধবার রাতে বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয় মাঠে জারিগান শুনতে যান। গান শেষে পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে তিনি ঘেরে যান।
সকালে লতিফের ছেলে জুলফিকার আলী ঘেরে গিয়ে বাবার লাশ মাটিতে পোঁতা অবস্থায় দেখতে পান। এরপর পাশের ঘেরের লোকজন এসে পুলিশে খবর দেয়।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক লস্কর জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
লতিফ নেংগী গ্রামের শাহাদাৎ আলীর ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৯০০ ঘ.
bdnews24