নিউ ইয়র্ক, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাংলাদেশে মাতৃ ও শিশু মৃত্যু এবং গর্ভাবস্থায় নারীদের রাতকানা রোগ রোধে আলাদা করে ভিটামিন এ ট্যাবলেট খাওয়ানোর প্রয়োজন নেই বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক।
বাংলাদেশের উত্তরাঞ্চলে গর্ভবতী নারীদের ওপর পাঁচ বছরেরও বেশি সময় ধরে সমীক্ষা চালানোর পর ওই গবেষক দল এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, বিশ্বের বেশিরভাগ নারীরই ভিটামিন এ ক্যাপসুল প্রয়োজন নেই। তারা খাবারের সাথে যে পরিমাণ ভিটামিন এ গ্রহণ করেন, তাতেই তাদের প্রয়োজন মেটার কথা।
বাল্টিমোরের জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক কেথ ওয়েস্টের নেতৃত্বে এ সমীক্ষা হয়। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে তাদের এই সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
তিন ভাগে আলাদা ভিটামিন
সমীক্ষায় শুরুতে বিবাহিত নারী আছে- এমন প্রতিটি বাড়ি চিহ্নিত করা হয়। তাদের মধ্যে কেউ গর্ভধারণ করেছেন কি না- তা জানতে প্রতি পাঁচ সপ্তাহ পরপর তাদের পরীক্ষা করেন চিকিৎসকরা।
এ সমীক্ষার সময়সীমায় প্রায় ৬০ হাজার নারী গর্ভবতী হন। এদের তিন ভাগে ভাগ করে যথাক্রমে ভিটামিন এ, বিটা ক্যারোটিন এবং প্লাসিবো ট্যাবলেট সরবরাহ খেতে দেওয়া হয়। সন্তান জন্মের পরবর্তী ১২ সপ্তাহ তাদের ট্যাবলেট খেতে দেওয়া হয়।
এদের মধ্যে ১৩৮ জন নারী গর্ভজনিত জটিলতায় মারা যান। প্রতি ১০ হাজারে এ মৃত্যুসংখ্যা ছিলো ২০-২৫ জন।
গর্ভে সন্তানের মৃত্যু বা নবজাতকের মৃত্যু হারের ওপর তিন ভাগে বিভক্ত নারীদের ট্যাবলেটের ধরনের কোনো প্রভাব পড়েনি বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। তিন ভাগের প্রতিটিতে প্রতি হাজারে ৪৫-৫১টি গর্ভে মৃত্যু এবং জন্মের ১২ সপ্তাহের মধ্যে প্রতি হাজারে ৬৫-৭০টি নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।
প্রত্যন্ত অঞ্চলে পুষ্টি পরিস্থিতির উন্নতি হচ্ছে
বিশ্বের কিছু কিছু অঞ্চলে গর্ভবতী নারীর রাতকানা রোগ এবং গর্ভজনিত জটিলতায় মৃত্যুর জন্য ভিটামিন এ'র অভাবকে দায়ী করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গর্ভধারণের শেষ তিন মাসই সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
বাংলাদেশে এ সমীক্ষার ক্ষেত্রে তিন ভাগের যে কোনো নারীর রাতকানা রোগ থাকলে তাকে ভিটামিন এ দেওয়া হয় বলে গবেষকরা জানিয়েছেন।
এ সমীক্ষায় সঙ্গে যুক্ত নন তবে অতীতে ভিটামিন এ নিয়ে কাজ করেছেন এমন একজন গবেষক ইউনিভার্সিটি কলেজ লন্ডন ইন্সটিটিউট ফর গ্লোবাল হেল্থের অ্যান্থনি কোস্টেলো।
তার মতে, গর্ভধারিণীর ভিটামিন এ ট্যাবলেটের প্রয়োজন কমে আসার কারণ হলো খাবার ও অন্যান্যভাবে পর্যাপ্ত ভিটামিন এ গ্রহণ পাচ্ছেন এখানকার নারীরা।
ওয়েস্ট মনে করেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলসহ উন্নয়নশীল বিশ্বের বিভিন্ন স্থানে পুষ্টি পরিস্থিতির উন্নতি হচ্ছে। এর ফলে ভিটামিন এ'র প্রয়োজনীয়তা হয়তো কমে আসছে।
তবে দরিদ্র গর্ভবতী মায়ের ভিটামিন এ সহ অন্যান্য পুষ্টি পূরণে কাজ করা প্রয়োজন বলে মনে করেন ওয়েস্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/০০১৪ ঘ.
bdnews24