দিনাজপুর, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের দুই উপজেলার সীমান্তবর্তী একটি বাড়িতে ডাকাতি ও জনতা-পুলিশ সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে দিনাজপুর শহরের বালুবাড়ী পানির ট্যাংকি এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গত ২ মে রাতে বীরগঞ্জ ও কাহারোল এই দুই উপজেলার সীমান্তবর্তী একটি বাড়িতে ডাকাতির পর জনতা-পুলিশ সংঘর্ষ হয়। এ সময় কাহারোলে পুলিশের দুটি গাড়িতে আগুন ধরানো হয়। ঘেরাওয়ের মুখে পড়েন জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তারা। বীরগঞ্জ থানা ঘেরাও করে ভাংচুর চালায় জনতা।
গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুরের কোতয়ালি থানার করিমুল্লাপুর এলাকার পোড়া রহিম (৫০), বিরল উপজেলার পলাশবাড়ী ডাঙ্গাপাড়া মজিবর (২৭) এবং পার্বতীপুর উপজেলার উত্তর হরিরামপুর তেলীপাড়ার আব্দুর রাজ্জাক (৪২)।
বুধবার দুপুর ১টায় তাদের দিনাজপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
এই সময় সাংবাদিকদের একটি সংবাদ বিজ্ঞপ্তিও দেওয়া হয়।
পরে তাদের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে সোপর্দ করা হয় বলে পুলিশ জানায়।
ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, শহরের বালুবাড়ী পানির ট্যাংকির কাছে গল্প করার এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের কাছ থেকে ডাকাতির কোনো মালামাল উদ্ধার করা যায়নি বলে তিনি জানান।
তিনি আরো বলেন, ডাকাতির ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতা ছিল কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
ডাকাতরা সাংবাদিকদের জানায়, তারা আরো ১৫ সহযোগীসহ ঘাসিয়ারা গ্রামে প্রিয়নাথ দেবনাথের বাড়িতে ডাকাতি করে। এর আগে গত ৩০ মার্চ রাতে চিরিরবন্দর উপজেলার শাশারপুর গ্রামে জনৈক মহিবর রহমানের বাড়িতে এবং পরে ৮মে তারিখে ফুলবাড়ী উপজেলার শমসেরনগরে নিমাই চন্দ্র রায়ের বাড়িতে ডাকাতি করে।
সাংবাদিকদের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি হত্যা ও দুটি ডাকাতি মামলায় ডাকাত সর্দার আব্দুর রহিম ওরফে পোড়া রহিমের মোট ৬২ বছর সাজা হয়। ২০০২ সালে আরো ৪টি ডাকাতি মামলায় আসামি হয়। সর্বশেষ এ বছরের ২৪ মার্চ জামিনে ছাড়া পেয়ে চিরিরবন্দর, কাহারোল ও ফুলবাড়ি উপজেলায় ডাকাতি করে।
আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে পার্বতীপুর এবং মজিবরের বিরুদ্ধে বিরল থানায় একাধিক মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা সাংবাদিকদের জানান- কাহারোলে ডাকাতির ঘটনায় তাদের দলে ছিল ১৮ জন।
২ মে বিকালে একটি থাড়া মাইক্রোবাস তারা কাহারোলের বলেয়া বাজারে আসে। স্থানীয় একজন ডাকাত তাদের পথ দেখায়। রাত সাড়ে ১২টার পর ঘাসিয়ারা গ্রামে প্রিয়নাথ ও রাজেন্দ্রনাথের বাড়িতে ডাকাতি করে।
রাজেন্দ্র দেবনাথের বাড়িতে ডাকাতির পরদিন কাহারোল ও বীরগঞ্জে জনতা ও পুলিশ মুখোমুখি অবস্থান নেয়। পুলিশের দুটি গাড়ি জ্বালিয়ে দেয় এবং থানা ঘেরাও করে জনতা।
পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসক সেখানে গেলে তিনিও জনতার হাতে অবরুদ্ধ হয়ে পড়েন।
পরে দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে।
এ ঘটনা তদন্তে পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. লুৎফর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি এবং দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. আব্দুল মালেকের নেতৃত্বে অপর একটি কমিটি গঠন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৩ ঘ.
bdnews24