ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা একাডেমীর মহাপরিচালক ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালকের চুক্তিতে নিয়োগের মেয়াদ দুই বছর করে মেয়াদ বাড়ানো হয়েছে।
একইসঙ্গে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দুই সদস্যের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক পৃথক আদেশে বুধবার এসব মেয়াদ বৃদ্ধি ও বাতিল করা হয়।
বাংলা একাডেমীর মহাপরিচালক পদে নিয়োজিত শামসুজ্জামান খানের চুক্তির মেয়াদ বৃদ্ধির আগামী ২৪ মে থেকে অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে। আগামী ২৩ মে তার আগের নিয়োগের মেয়াদ শেষ হবে।
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিতে থাকা কবি রফিক আজাদের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৮ জুলাই। তার মেয়াদ বাড়ানোর আদেশ আগামী ৯ জুলাই অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে।
নেত্রকোনার বিরিশিরি'র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক যতীন্দ্র সাংমা'র চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। তার এ নিয়োগ গত ১৯ এপ্রিল অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে।
এসইসি'র দুই সদস্য ইয়াসিন আলী ও আনিসুজ্জামানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আদেশ যথাক্রমে গত ৯ ও ৮ মে থেকে কার্যকর হবে। তাদের আবেদনের প্রেক্ষিতে সরকার চুক্তি বাতিল করেছে বলে আদেশে বলা হয়।
ইয়াসিন আলী ৯ মে এবং আনিসুজ্জামান ৮ মে তাদের পদত্যাগপত্র ও চুক্তি বাতিলের আবেদন জমা দেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিচালক পদে প্রেষণে নিয়োজিত সেনা কর্মকর্তা লে. কর্নেল তুষার বিন ইউনুসকে প্রত্যাহার করে তার পূর্ব কর্মস্থলে ফেরৎ পাঠানো হয়েছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে সেনা কর্মকর্তা কর্নেল শামসুল আলম চৌধুরীকে। এজন্য তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া ধানমণ্ডি সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) খুরশীদ শাহরিয়ারকে প্রত্যাহার করে সহকারি কমিশনার হিসেবে পদায়নের জন্য ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৭৫৪ ঘ.
bdnews24