ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগের স্বাধীনতা টেকসই করতে আলাদা সচিবালয় প্রয়োজন বলে মনে করেন নতুন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
বুধবার দেশের ২০তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং আইনজীবী সমিতির সরকার সমর্থক আইনজীবীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে নিজের এ মত জানান তিনি।
বিএনপি নিয়ন্ত্রিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মোজাম্মেলকে সংবর্ধনা দেয়নি। তারা সদ্য বিদায়ী প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের কুশপুত্তলিকা পোড়ায়।
সুপ্রিম কোর্টের ১ নম্বর বা প্রধান বিচারপতির কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে মোজাম্মেল হোসেন বলেন, "পৃথককরণের মধ্য দিয়ে বাংলাদেশের বিচার বিভাগ নতুন যুগে প্রবেশ করেছে। কিন্তু এটা কেবল শুরু। লক্ষ্য অর্জনে আমাদের অনেকদূর যেতে হবে।
"এতে কোন বাধা আসবে না, এটা বলা যায় না। আইনজীবী ও বিচারপতিদের সম্মিলিত প্রচেষ্টায় সেই বাধা দূর করতে আমরা সক্ষম হবো। তাদের প্রচেষ্টায় বিচার বিভাগ পৃথক হয়েছে।"
নতুন প্রধান বিচারপতি মনে করেন, বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব এবং মামলার স্তূপ কমাতে একটি আলাদা তদারকি ব্যবস্থা দরকার। বিচার বিভাগের স্বাধীনতা টেকসই করতে হলে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রয়োজন। আলাদা সচিবালয় না থাকলে বিচার বিভাগের স্বাধীনতা টেকসই হতে পারে না।
তিনি জানান, ২০১০ সালের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ছিলো আট হাজার ৮৫টি। এখন সেই সংখ্যা ১০ হাজার পাঁচশ ৭৫-এ দাঁড়িয়েছে।
"যদিও গত কয়েকমাসে আমরা হাইকোর্ট বিভাগের মামলার স্তূপ কমাতে চেষ্টা করেছি। তবে আপিল বিভাগের স্তূপ বাড়ার বিষয়ে যথাযথ দৃষ্টি দেওয়া হয়নি।"
রিট, কাস্টমস ও খারিজের আবেদনগুলোর মধ্যে একই ধরনের মামলাগুলো একসঙ্গে শুনানি করা যেতে পারে বলে মন্তব্য করেন মোজাম্মেল হোসেন।
বিচারাঙ্গনে যে কোনো সঙ্কট মোকাবেলায় বিচারক ও আইনজীবীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "বার ও বেঞ্চ সমন্বয়ের মধ্য দিয়ে কাজ করলে সব ধরনের সমস্যার সমাধান সম্ভব।"
বিচারপতি মোজাম্মেল বলেন, বিচারে দেরি হলে যেমন ন্যায় বিচার প্রাপ্তি ব্যাহত হয়, তেমনি তড়িঘড়ি বিচারও ন্যায়বিচার অনিশ্চিত করতে পারে।
মামলা ব্যবস্থাপনা ও আদালত প্রশাসনের অন্যান্য কাজে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন তিনি।
"এ জন্য আমরা ওয়েব সাইট করেছি। মামলার অবস্থা জানতে এসএমএসের ব্যবস্থা চালু করেছি। সারা দেশে এই তথ্য যোগাযোগ কর্মজাল চালু করা হবে।"
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি একেএম জগলুল হায়দার আফ্রিকও বক্তব্য রাখেন।
গত বুধবার মোজাম্মেলকে প্রধান বিচারপতি নিয়োগ করেন রাষ্ট্রপতি। সকালে তিনি বঙ্গভবনে শপথ নেন। বিচারপতি মোজাম্মেল বিচারপতি খায়রুল হকের স্থলাভিষিক্ত হলেন। বিচারপতি মোজাম্মেল হোসেনের চাকরির মেয়াদ শেষ হবে ২০১৫ সালে।
আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারক আবু নাঈম মোমিনুর রহমানকে ডিঙিয়ে মোজাম্মেলকে প্রধান বিচারপতি নিয়োগের প্রতিবাদ জানিয়ে আসছে আইনজীবী সমিতি। গত বুধবার মোজাম্মেলকে প্রধান বিচারপতি নিয়োগের পরদিনই পদত্যাগ করেন মোমিনুর রহমান।
বিচারপতি মোজাম্মেলকে নিয়োগের পর তাকে সংবর্ধনা না দেওয়ার ঘোষণা দেয় আইনজীবী সমিতির বিরোধী দল সমর্থক অংশ। খায়রুল হকের সমালোচনায়ও মুখর ছিলেন তারা।
বেলা সাড়ে ১২টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতি খায়রুল হকের কুশপুত্তলিকা পোড়ায় আইনজীবী সমিতি। সেখানে এক সমাবেশে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, তিনি [এবিএম খায়রুল হক] বিচার বিভাগকে ধ্বংস করে গেছেন।
নতুন প্রধান বিচারপতির উদ্দেশে আইনজীবী সমিতির সম্পাদক মো. বদরুদ্দোজা বাদল বলেন, নতুন প্রধান বিচারপতি একই পথ ধরলে তাকেও একই ভাগ্য বরণ করতে হবে।
বিচারপতি খায়রুল হক অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে তার শেষ কর্মদিবসে সাংবাদিকদের বলেন, তিনি কর্মক্ষেত্রে সব সময় ন্যায়বিচার নিশ্চিত করতে চেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/প্রতিনিধি/পিডি/১৮৫৯ ঘ.
bdnews24