ময়মনসিংহ, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে আট ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক।
সকাল ৭টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আউলিয়ানগর স্টেশনে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রাজ্জাক জানান, ময়মনসিংহের কেওয়াটখালী লোকোসেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত ট্রেনটি সরিয়ে নেয়। এরপর চলাচল শুরু হয়।
ঢাকাগামী ৫৬ ডাউন ভাওয়াল এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ময়মনসিংহ রেলস্টেশন ছাড়ার পর আউলিয়ানগর রেলস্টেশনে ইঞ্জিনের পিছনের ছয়টি ও সামনের দুটি চাকা লাইনচ্যুত হয়।
এরপর ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস, ৫২নং কমিউটার মেইল ট্রেন ও দেওয়ানগঞ্জগামী ৪৭নং কমিউটার মেইল ট্রেন বিভিন্ন রেলস্টেশনে আটকা পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬১৭ ঘ.
bdnews24