মুন্সীগঞ্জ, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে দুটি ট্রলারের সংঘর্ষে অন্তত ১৫ ব্যক্তি আহত হয়েছেন। নিখোঁজ রয়েছে পাঁচজন।
আহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- লৌহজংয়ের বড়মোকাম গ্রামের রূপালী বেগম (৩০), আরেফা (৪০) ও রাহেনা (৩৫)। তাদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীরা জানান, লৌহজংয়ের পদ্মার চরের গাঁওপাড়া থেকে তারা প্রায় ৫০ জন নারী শ্রমিক ট্রলারে করে বড় মোকাম গ্রামে ফিরছিলেন। সোমবার রাতে ধান বোঝাই আরেকটি ট্রলারের সঙ্গে তাদের নৌযানের মুখোমুখি সংঘর্ষ হয়।
হাসপাতালে চিকিৎসাধীন রূপালী বেগম জানান, দুর্ঘটনার পর তাদের ট্রলারের অনেকেই ছিটকে নদীতে পড়ে যায়।
লৌহজং থানার ওসি সুব্রত কুমার সাহা সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার পর অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ৫ যাত্রী নিখোঁজ রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/২০০৮ ঘ.
bdnews24