২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় মালিকপক্ষ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫

আশুলিয়ার একটি সোয়েটার কারখানায় এক শ্রমিককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক ও মালিকপক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 09:35 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

সাভার, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার একটি সোয়েটার কারখানায় এক শ্রমিককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক ও মালিকপক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকার ওশান গেট সোয়েটার লিমিটেড কারখানায় সংর্ঘষের এ ঘটনা ঘটে বলে শিল্প পুলিশ জানিয়েছে। ঘটনার পর কর্তৃপক্ষ বুধবার পর্যন্ত কারখানায় ছুটি ঘোষণা করে। শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিদর্শক মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শারীরিক অসুস্থতার কারণে শ্রমিক জামাল হোসেন সোমবার সন্ধ্যায় নির্বাহী পরিচালক বদরুল হুদা লিঙ্কনের কাছে ছুটি চাইতে যান। বদরুল ওই শ্রমিককে ছুটি না দিয়ে উল্টো বকাঝকা করেন। এসময় তাদের দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে বদরুল ওই শ্রমিককে থাপ্পড় মারেন। তিনি জানান, এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানায় এসে বিক্ষোভ করে। তারা বদরুল ও প্রোডাকশন ম্যানেজার মিজানুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এরপরই শ্রমিক ও মালিকপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বদরুল হুদা লিঙ্কন সাংবাদিকদের জানান, কারখানায় কয়েকজন উচ্ছৃঙ্খল শ্রমিক রয়েছে। তারা কারখানার ভেতরে বিভিন্ন সময় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অসন্তোষের সৃষ্টি করছে। আহত শ্রমিক রুবি ও জামাল জানান, লিঙ্কন ও মিজানুর বিভিন্ন সময়ে আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। তাদের অপসারণ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বিষয়টি সমাধানের জন্য দুই পক্ষের বৈঠক চলছে। তবে কোনো সমঝোতা হয়নি। বৃহস্পতিবার শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ বৈঠক করবেন বলে জানান তিনি। কারখানায় শিল্প পুলিশের পাশাপাশি অতিরিক্ত থানা পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫২৬ ঘ.