'বিচার বিভাগের স্বাধীনতা সোনার হরিণ'
বিদায় বেলায় বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে কয়েকটি অন্তরায়ের কথা জানিয়ে গেলেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।
অবসর নেওয়ার দিন মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, "বিচার বিভাগের স্বাধীনতা সোনার হরিণ। সবাই এর পেছনে ছুটছে, কিন্তু কেউ জানে না- স্বাধীনতা কী।"
২০০৯ সালে আপিল বিভাগে নিয়োগ পাওয়া এই বিচারপতির মতে, বিচারকদের মানসিকভাবে স্বাধীন হতে হবে। স্বাধীনতা কেউ হাতে তুলে দেবে না।
বিচার বিভাগের জন্য বাজেট বরাদ্দ নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) আয়োজিত এই আলোচনা সভায় খায়রুল হক বলেন, বিচার বিভাগের জন্য বরাদ্দ অর্থ ব্যয়ের স্বাধীনতাও বিচার বিভাগের থাকা প্রয়োজন। আর এ জন্য আমলাতান্ত্রিক জটিলতাও দূর করতে হবে।
"এখন ছোট খাটো খরচের ব্যাপারেও আইন মন্ত্রণালয়কে বলতে হয়। আইন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে বলে। এরপর টাকা আসে। বরাদ্দ টাকা বিচার বিভাগে কীভাবে খরচ হবে সে বিষয়টি তাদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। তাদের খরচ তারাই যেন করতে পারে। কারণ এটি বোঝা আমলাদের পক্ষে সম্ভব না।"
খায়রুল হক জানান, সিরডাপ মিলনায়তনের এ আলোচনা সভাই প্রধান বিচারপতি হিসেবে তার শেষ অনুষ্ঠান। মঙ্গলবারই অবসরে যাচ্ছেন তিনি। নতুন প্রধান বিচারপতি হিসেবে বুধবার শপথ নেবেন মো. মোজাম্মেল হোসেন।
'সাধু নয়'
সমাজের অবক্ষয়ের প্রভাব যে বিচারকদের ওপরও পড়ে- অনুষ্ঠানে তা স্বীকার করেন বিচারপতি খায়রুল হক।
"আমি বলছি না যে, আমাদের বিচারকরা সাধু। সমাজে মূল্যবোধের অবক্ষয় দেখা দিলে বিচারকদের মধ্যেও তা দেখা দেবে- এটা অস্বাভাবিক নয়। তবু আমি বলবো, আল্লাহই সবচেয়ে বড় বিচারক।"
বিচার বিভাগের ভেতরের সমস্যার কথা উল্লেখ করে বিদায়ী প্রধান বিচারপতি বলেন, "অনেকে এর সমালোচনা করে। আমি বলি, সমস্যার সমাধান করতে রোগীর যেভাবে ডায়াগনোসিস করতে হয়, এখানে সেটাই করতে হবে। এটা সত্য যে অনেক বিচারক তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেন না। অন্য কাজে ব্যস্ত থাকেন। তবে এটা সার্বিক চিত্র নয়।"
'জনপ্রিয়রাই ভালো নন'
লন্ডনের লিংকনস ইন থেকে বার অ্যাট ল' পাস করা খায়রুল হক বলেন, "১৯৯৮ সালে আমি যখন হাইকোর্টে বিচারক হিসাবে যোগ দেই, তখন মোট বিচারপতি ছিলেন ২৮ জন। এখন এই সংখ্যা ৯৭। কিন্তু তারপরও কেসের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েছে। বিষয়টি নিয়ে তখন থেকেই আমি চিন্তা করেছি।"
তিনি জানান, গত বছর ৩০ সেপ্টেম্বর তিনি দায়িত্ব নেওয়ার সময় সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার সংখ্যা ছিলো ৩ লাখ ৫৩ হাজার। আর ১২ মে পর্যন্ত তা ২ লাখ ৯১ হাজার ২০০ এ নেমে এসেছে।
"অথচ এর বিপরীতে বলা হয়েছে- আমি বিচার বিভাগকে ধ্বংস করেছি। ...জনপ্রিয় বিচারপতি পৃথিবীর কোথাও নেই। জনপ্রিয় বিচারপতিরা ভালো বিচারপতি নন।"
বিচারপতিদের বাংলায় রায় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আপনারা বাংলায় রায় লেখেন। আপনারা কি রায় দিচ্ছেন, সেটা জানার অধিকার সাধারণ মানুষের রয়েছে।"
শক্তিশালী বিচার বিভাগ
দেশে শক্তিশালী বিচার বিভাগ দরকার মন্তব্য করে খায়রুল হক বলেন, এটা সারা বিশ্বেই আলোচিত হচ্ছে। শক্তিশালী বিচার বিভাগ না থাকলে দেশের আইন-শৃঙ্খলা ঠিক থাকে না। ব্যবসা বাণিজ্য ঠিকভাবে হয় না।
"একটা মামলা করলে তার নিষ্পত্তি হতে যদি ৩০ বছর লেগে যায়, তাহলে তো কেউ মামলাই করবে না। আইন নিজের হাতে তুলে নেবে।"
এ সমস্যা কাটাতে বিচার বিভাগের লোকবল সঙ্কট নিরসনের ওপর জোর দেন তিনি। এক্ষেত্রে তার সুপারিশ- প্রতি বছর এক থেকে দেড়শ বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া যেতে পারে। তবে এক সঙ্গে অনেক নয়।
সারা দেশে বিচার বিভাগে কোথায় কি হচ্ছে, ঢাকায় বসে তা জানা প্রধান বিচারপতির পক্ষে সম্ভব নয় উল্লেখ করে খায়রুল হক বলেন, "এর কোনো ম্যাকানিজম আমার হাতে নেই। এ জন্য ৭২ এর সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে পুরুজ্জীবিত করতে হবে।"
ওই অনুচ্ছেদে বলা হয়েছে, বিচার বিভগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগে দায়িত্বপালনরত ম্যাজিস্টেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল-নির্ধারণ, পদোন্নতিদান ও ছুটি-মঞ্জুরিসহ) ও শৃঙ্খলাবিধান সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত থাকবে।
সংবিধানের চতুর্থ সংশোধনীতে এ বিষয়গুলো রাষ্ট্রপতির উপর ন্যস্ত করা হয়। পঞ্চম সংশোধনীতে বলা হয়, রাষ্ট্রপতিই এ বিষয়গুলো নিয়ন্ত্রণ করবেন, তবে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করতে হবে। পঞ্চম সংশোধনী বাতিলের রায়ের পর বিষয়টি আবারো রাষ্ট্রপতির এখতিয়ারে চলে যায়।
হাইকোর্ট বিভাগে পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার রায়টি খায়রুল হকই দিয়েছিলেন।
