২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'উপায়' খুঁজছে বিশেষ কমিটি

তত্ত্বাবধায়ক সরকার বাতিল ও আগামী দুই মেয়াদে এ পদ্ধতিতেই নির্বাচনের মত সম্বলিত সর্বোচ্চ আদালতের রায় সংবিধানে সংযুক্ত করার উপায় খুঁজছে সংসদীয় বিশেষ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 05:27 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার বাতিল ও আগামী দুই মেয়াদে এ পদ্ধতিতেই নির্বাচনের মত সম্বলিত সর্বোচ্চ আদালতের রায় সংবিধানে সংযুক্ত করার উপায় খুঁজছে সংসদীয় বিশেষ কমিটি। সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির একাধিক সদস্যের সঙ্গে সোমবার কথা বলে এ আভাস পাওয়া গেছে। বিশেষ কমিটির সদস্য রাশেদ খান মেনন বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যে কোনো ধরনে (ফর্মে) তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি রাখতে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৭ এপ্রিল বিশেষ কমিটির সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এখনই বাতিল না করে সংস্কারের পক্ষে মত দেন। আদালতের রায়ের পর গত শুক্রবার বিশেষ কমিটি প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করে। গত ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ও অসাংবিধানিক উল্লেখ করে এর আওতায় আগামী দুটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে মত দেওয়া হয়। সর্বোচ্চ আদালত আরো বলেছে, বিদায়ী প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের বাদ রেখে সংসদ এ সরকার পদ্ধতি সংস্কার করতে পারে। 'তাত্ত্বিকভাবে এটা অসাংবিধানিক' তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আদালত অবৈধ ঘোষণার পর তা বৈধ হওয়ার সুযোগ রয়েছে কি না জানতে চাইলে কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "একটি আইনের কথা ধরুন। মনে করুন-পার্লামেন্টের এ আইনটি ঠিক হয়নি, এটা অসাংবিধানিক বা আল্ট্রাভাইরিস হয়েছে। পার্লামেন্ট চাইলে পরের দিন আবার ওই আইনটি পাস করতে পারে। তাহলে ওই আইন কোর্ট দ্বারা অসাংবিধানিক (আনকন্সটিটিউশনাল) না হওয়া পর্যন্ত তা কার্যকর (ভ্যালিড) থাকবে। "কিন্তু এখানে বিষয়টা হলো [রাষ্ট্রের] তিনটি অঙ্গই সাযুজ্যের সঙ্গে কাজ করতে হবে (অল দ্য থ্রি অর্গানস হ্যাভ টু অ্যাক্ট হারমোনিয়াসলি)।" ত্রয়োদশ সংশোধনী নিয়ে যে প্রশ্ন উঠছে তা ব্যাখ্যা করতে গিয়ে সুরঞ্জিত জানান, তাত্ত্বিকভাবে (একাডেমিক্যালি) এটা আনকন্সটিটিউশনাল বা আল্ট্রাভাইরিস। বিশেষ কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু জানান, সর্বসম্মত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এ বিষয়ে বিশেষ কমিটি কোনো স্পষ্ট কথা জানাবে না। এ সদস্য বলেন, "রায়ে ত্রয়োদশ সংশোধনী বাতিল করলেও দুই মেয়াদে তা রাখার বিষয়ে আদালত পর্যবেক্ষণ দিয়েছে। এ জন্য বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য উপায় খোঁজা হচ্ছে।" এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য রাশেদ খান মেনন বলেন, "কমিটির প্রত্যেকে একমত না হয়ে এখুনি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে কিছু বলা যাবে না। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি থাকছে না বললে জটিলতা সৃষ্টি হবে। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখন বিরোধী দল এলে তা সহজ হতো।" তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল নয়, বরং যে কোনো একটি ফর্মে তা থাকছে- এ কথা জানিয়ে মেনন বলেন, তা কোন পদ্ধতিতে হবে- তা নিয়ে আরো পর্যালোচনা করার অবকাশ রয়েছে। সংবিধানের পঞ্চম, সপ্তম ও ত্রয়োদশ সংশোধনী নিয়ে উচ্চ আদালতের রায় পর্যালোচনা করতে সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি সোমবার সকালে সংসদ ভবনে বৈঠকে বসে। রায়ের পূর্ণাঙ্গ কপি নিয়ে ২৬ মে আবার বসবে কমিটি। বৈঠক থেকে বেরিয়ে বিশেষ কমিটির জ্যেষ্ঠ সদস্য শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের জানান, এ পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিশেষ কমিটি। ২৬ মে'র বৈঠকে এ বিষয়ে আরো পর্যালোচনা হবে। এর আগে ২২ মে থেকে নবম অধিবেশন শুরু হচ্ছে। এ অধিবেশনে পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত প্রতিবেদন উত্থাপনের কথা রয়েছে। রায়ের আলোকে (পঞ্চদশ) সংবিধান সংশোধনীতে বিশেষ কমিটি সুপারিশ তৈরির কাজ করছে। এ কমিটি রায়ের পূর্ণাঙ্গ কপি পর্যালোচনা করে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করবে। সংশোধন নয়, রক্ষা করবে আদালত কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত জানান, ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদকে সংবিধান সংশোধনের যে ক্ষমতা দেওয়া হয়েছে, তাও সীমিত। আদালতকে মূলত সংবিধান রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, "পার্লামেন্টকে যে সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে, সংবিধান সংশোধনের যে ক্ষমতা দেওয়া হয়েছে এটি কেবলমাত্র সংসদকেই দেওয়া হয়েছে। সে ক্ষমতাটিও সীমিত। সংবিধান সংশোধনের কোনো ক্ষমতা আদালতকে দেওয়া হয়নি। "কোর্টকে [ক্ষমতা] দেওয়া হয়েছে- যদি কোনো অসাংবিধাকি আইন পাস হয়, বা সংবিধানের সঙ্গে সঙ্গতিহীনভাবে কোনো আক্রমণ আসে- তা থেকে তা (সংবিধানকে) রক্ষা করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২৩০৫ ঘ.

এ সম্পর্কিত আরো খবর