২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় নির্বাচনী সংঘাতে আওয়ামী লীগের দুই পক্ষ

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে কোন্দলে সদর উপজেলার মঘি ইউনিয়নের ভাবনহাটি গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের দুই দফা সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

মাগুরা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে কোন্দলে সদর উপজেলার মঘি ইউনিয়নের ভাবনহাটি গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের দুই দফা সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। রোববার রাতে ও সোমবার সকালে এ সংঘর্ষের সময় ১০টি ঘরও ভাংচুর হয় বলে স্থানীয়রা জানায়। সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল হাই সর্দার এবং বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদের জেলা সভাপতি আব্দুল লতিফের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলাম সাংবাদিকদের বলেন, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দিয়ে দুজনই প্রচার চালাচ্ছেন। একক প্রার্থিতার জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ উদ্যোগ নেওয়া হলেও দুজনের মধ্যে সমঝোতা হয়নি। এরপর গত ১৩ মে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইউনিয়নের প্রতিনিধিদের ভোটাভুটির পর লতিফকে দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে ভাবনহাটি ও কাপাসহাটি গ্রামে দুই নেতার সমর্থকদের মধ্যে রেশারেশি চলছে। রেজাউল বলেন, ভাবনহাটি বাজারে রোববার রাতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। তখন মারধরের শিকার হয় হাই সর্দারের সমর্থকরা। এরপর সোমবার হাই সর্দারের সমর্থকরা লতিফের সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালায়। এতে আহত হয় ১০ জন। সদর থানার ওসি আব্দুর রকিব খান সাংবাদিকদের বলেন, সংঘর্ষের খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে। আহতদের মধ্যে রাবেয়া বেগম (৪৫), রিপা খাতুন (২৮) ও ইকরাম বিশ্বাসকে (৩৫) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০৬ ঘ.