ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃণমূল পর্যায় থেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে এনে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার বিষয়ে তাগিদ দিয়েছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ।
বাংলা একাডেমীর সেমিনার কক্ষে সোমবার 'মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস প্রণয়ন ও প্রকাশনা' শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের তৃণমূল ভিত্তিক ইতিহাস রচনা ও প্রকাশে বাংলা একাডেমীর উদ্যোগ সময়োপযোগী। এটি একটি জাতীয় কাজ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংগঠিত মুক্তিযুদ্ধে বাঙালির আত্মত্যাগ, নির্যাতন ও অবদান বিশ্বের কাছে তুলে ধরার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৯০০ ঘ.
bdnews24