হবিগঞ্জ, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হবিগঞ্জের একটি আদালত।
এছাড়া ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাভোগ করতে হবে।
রোববার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহবুব উল হক এ রায় দেন।
দণ্ডিত অজিদ মিয়া (২৪) মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের কালু মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় অজিদ মিয়া আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, অজিদ মিয়া প্রতিবেশী আব্দুস শহীদের মেয়ে রাশিদা আক্তারকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাশিদার ভাই মতিউর রহমানসহ পরিবারের লোকজন বাধা দেয়।
এর জের ধরে ২০০৫ সালের ৭ জুন সন্ধ্যায় অজিদ মিয়া তার ভাইদের নিয়ে মতিউর রহমানকে হত্যা করে।
এ ঘটনায় মতিউর রহমানের বাবা আব্দুস শহীদ পরদিন মাধবপুর থানায় ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আকবর হোসেন জিতু। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট হাবিবুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭২৯ ঘ.
bdnews24