ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুদের অপরাধী হিসেবে চিহ্নিত না করে তাদের সংশোধন হওয়ার সুযোগ দেওয়ারও আহ্বান জানিয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক মো. এনামুল হক।
রোববার তিনি বলেছেন, "শিশুরা দেশ ও জাতির ভবিষ্যৎ। তারা ভুল করে কোনো অপরাধে জড়িয়ে পড়লে তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত না করে সংশোধন হওয়ার সুযোগ দিতে হবে।"
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির 'শিশু আইন ও শিশু অধিকার সুরক্ষায় করণীয়' শিরোনামের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিশুদের কল্যাণে ও অপরাধ সংশোধনে সরকারের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন তিনি সমিতির সভাপতি এনামুল।
দাবির মধ্যে রয়েছে-শিশু বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য শিশু বান্ধব ম্যাজিষ্ট্রেট দেওয়া, প্রতি জেলায় শিশু আদালত প্রতিষ্ঠা, প্রতি বিভাগে একটি উন্নয়ন কেন্দ্র স্থাপন, ছোট কোনো অপরাধ কিংবা ভুলের কারণে যাতে শিশুরা কারাগারে আটক না থাকে সেজন্য থানা থেকেই জামিন দেওয়ার বিধান করা।
এছাড়া তদন্তের সময় পুলিশ কর্মকর্তারা যেন শিশুদের সঙ্গে অভিভাবকসুলভ আচরণ করে সে দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সাবেক পুলিশ সুপার তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ সাবেক পুলিশ সুপার কংসধর তরফদার, নির্বাহী সদস্য সাবেক পুলিশ মহাপরিদর্শক মো. আজিজুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/পিডি/১৭২৫
bdnews24