ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি রেখে ও এর সংস্কারে আদালতের নির্দেশনা অনুযায়ী করণীয় নির্ধারণে শিগগির বৈঠকে বসবে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি।
শনিবার বিশেষ কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেছেন।
বুধবার সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্ট। তবে এর আওতায় আগামী দুটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে মত দেওয়া হয়।
সর্বোচ্চ আদালত আরো বলেছে, বিদায়ী প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের বাদ রেখে সংসদ এ সরকার পদ্ধতি সংস্কার করতে পারে।
এ বিষয়ে সুরঞ্জিত বলেন, "সুপ্রিম কোর্টের লাস্ট জাজমেন্টে যেটা এসেছে, আমাদেরকে এটার আলোকেই কাজ করতে হবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব বিশেষ কমিটি আবার সভায় বসবে। কমিটি এ জাজমেন্ট নিয়ে আবার আলোচনা পর্যালোচনা করবে। এতে আমাদের নেক্সট পদক্ষেপ কী হবে সেখান থেকে আমরা স্থির করবো।"
তিনি জানান, রোববার সংসদ উপনেতা ও বিশেষ কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরীর সঙ্গে কথা বলে বৈঠকে ডাকা হবে।
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত আপিলের শুনানি শেষে মঙ্গলবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের ৬ বিচারপতির বেঞ্চ এ রায় দেয়। সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতামতের ভিত্তিতে এ রায় এসেছে।
১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যোগ করা হয়। এরপর থেকে নির্বাচিত সরকারের মেয়াদ শেষে এ সরকারের অধীনে নির্বাচন হয়ে পরবর্তী সরকার গঠিত হচ্ছে।
তত্ত্বাধায়ক সরকার পদ্ধতি বাতিলের রায়ের প্রসঙ্গ টেনে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন "এ ব্যাপারটাই বিবেচনা করা হবে। সিদ্ধান্ত নেবে কমিটি। আমরা যেহেতু জাজমেন্টের একটি সংক্ষিপ্ত ভার্সন পেয়েছি, ইতোমধ্যে টোটাল জাজমেন্টটা পাই তাহলে আরো পর্যালোচনা করতে সুবিধা হবে।"
তত্ত্বাবধায়ক সরকারে বিচারপতিদের সম্পৃক্ত না করার বিষয়ে সুরঞ্জিত বলেন, "এই প্রথম একজন (প্রধান বিচারপতি) নিজে চিফ এডভাইজার হওয়ার মূলাটাকে, এ লোভ সম্বরণ করে বলতে পেরেছেন, জুডিশিয়ারিকে এর মধ্যে ইনভলভ করবেন না, আমাকেও না, আমার কলিগ আপলি বিভাগের বিচারপতিদেরও না।"
সংবিধান সংশোধনে গত বছর ২১ জুলাই সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান ও সুরঞ্জিত সেনগুপ্তকে কো-চেয়ারম্যান করে এই সংসদীয় বিশেষ কমিটি গঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০১১ ঘ.
bdnews24