পাবনা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের লাশ যমুনা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকালে বেড়া উপজেলার কাজীরহাট এলাকায় নদীতে ভাসমান লাশটি পায় তার স্বজনরা।
শফিকুল (৩০) উপজেলার নন্দনপুর গ্রামের প্রয়াত হোসেন আলী বিশ্বাসের ছেলে। তিনি পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক সমাজকল্যাণ সম্পাদকও ছিলেন।
নিহতের ভগ্নিপতি সাদ্দাম হোসেন জানান, বুধবার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে কয়েকজন লোক শফিকুলকে তুলে নিয়ে যায়।
বেড়া থানার ওসি শেখ জিল্লুর রহমান লাশ উদ্ধারের কথা স্বীকার করেছেন। প্রতিপক্ষের লোকজন তাকে খুন করে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০২ ঘ.
bdnews24