২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ম নিরপেক্ষতা-সমাজতন্ত্রে আপত্তি ওলামা পরিষদের

'ধর্মনিরপেক্ষতা' ও 'সমাজতন্ত্র'- ৭২ এর সংবিধানের এ দুই মূলনীতি সংবিধানে পুনর্বহাল না করার দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি দেবে সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 08:19 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ধর্মনিরপেক্ষতা' ও 'সমাজতন্ত্র'- ৭২ এর সংবিধানের এ দুই মূলনীতি সংবিধানে পুনর্বহাল না করার দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি দেবে সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ। শনিবার পল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা জানান পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব মহিউদ্দিন রব্বানী। সংবিধানে 'ধর্মনিরপেক্ষতা' ও 'সমাজতন্ত্র' এ দুই মূলনীতি পুনর্বহাল না করাসহ নারী উন্নয়ন নীতি ও শিক্ষা নীতি বাতিলের দাবিতে শনিবার রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশ করা কথা ছিলো পরিষদের। প্রশাসন সমাবেশ করার অনুমতি না দেওয়ার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। মহিউদ্দিন বলেন, "সংবিধান সংশোধন করে 'ধর্মনিরপেক্ষতা' ও 'সমাজতন্ত্র' এ দুই মূলনীতি পুনর্বহাল করা হলে ইসলামী আন্দোলনের কর্মীরা তা মেনে নেবে না।" স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিলেও কবে তা দেওয়া হবে, তা সংবাদ সম্মেলনে জানানো হয়নি। সমাবেশে বাধা দেওয়ার সমালোচনা করে মহিউদ্দিন বলেন, "সরকার ইসলামী দলগুলোর সঙ্গে গণতান্ত্রিক আচরণ করছে না। বিভিন্ন ইস্যুতে সমাবেশ ডাকা হলেও নানা অজুহাত দেখিয়ে তা পণ্ড করে দেওয়া হচ্ছে।" পরিষদের দাবিগুলো মেনে নেওয়া না হলে জুলাই মাসে হরতাল দেওয়া হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ নেজামী, যুগ্ম-মহাসচিব খলিলুর রহমান মাদানীও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৪১০ ঘ.