২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইউনূসকে এমিরিটাস সদস্য হওয়ার প্রস্তাব দেবো'

ড. মুহাম্মদ ইউনূসকে একজন সম্মানিত সদস্য (এমিরিটাস) হিসেবে গ্রামীণ ব্যাংকে সম্পৃক্ত রাখার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 07:27 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড. মুহাম্মদ ইউনূসকে একজন সম্মানিত সদস্য (এমিরিটাস) হিসেবে গ্রামীণ ব্যাংকে সম্পৃক্ত রাখার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের দাবি অনুযায়ী ইউনূসকে যে চেয়ারম্যান করা হচ্ছে না, সেটি আবারও উল্লেখ করেছেন তিনি। শুক্রবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, "আমরা নতুন বোর্ড করেছি মাত্র জানুয়ারি মাসে, এর মধ্যে আর পরিবর্তন করার ইচ্ছা আমাদের নেই।" এর বদলে ড. ইউনূসের প্রতি সম্মান দেখিয়ে তাকে একটি প্রস্তাব দেওয়া হবে জানিয়ে মুহিত বলেন, "তাকে আমরা একটা এমিরেটাস স্ট্যাটাস দেবো- ইন দি ইনস্টিটিউশন উইচ হি ফাউন্ডেড, এন্ড হি নার্চার্ড।" অর্থমন্ত্রী বলেন, সাধারণত গ্রামের দরিদ্র মানুষদেরই গ্রামীণ ব্যাংকের সদস্য করা হয়। এই রীতির ব্যত্যয় ঘটিয়েই ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের একজন 'এমিরিটাস সদস্য' হওয়ার প্রস্তাব দেওয়া হবে। অনুমতি না নিয়ে পদে থাকার কারণ দেখিয়ে বাংলাদেশ ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংক থেকে নোবেলজয়ী ইউনূসকে অব্যাহতি দেয়। এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েও হারতে হয় তাকে। ওই অব্যাহতির আদেশের ২ মাস ১১ দিন পর গত বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউনূস জানান, তিনি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে 'ইস্তফা' দিয়েছেন। এ বিষয়ে অর্থমন্ত্রী বিবিসিকে বলেন, "উনাকে তো নোটিশ আগেই দেওয়া হয়েছিল। এক হিসেবে সেটাই তিনি অনুসরণ করেছেন, কেননা তিনি একটি চার্জ রিপোর্ট দিয়েছেন। উনার যে দায়িত্ব তা হস্তান্তর করেছেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের হাতে। এটিই আমরা পেয়েছি।" 'গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইস্তফা প্রদানপত্র' শিরোনামে ওই বিবৃতিতে ইউনূস বলেন, "আমি আজ মে ১২, ২০১১ তারিখে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি। গ্রামীণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব নূরজাহান বেগমকে আমি আমার দায়িত্ব প্রদান করছি।" গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ এখন বৈঠক করে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগসহ অন্যান্য বিষয়গুলো ঠিক করবে বলে অর্থমন্ত্রী বিবিসিকে জানান। "বোর্ড বসে দেখবে, তিনি যে চার্জ দিলেন তারপরে... তার সঙ্গে কী সম্পর্ক হবে, বোর্ডকে আবার নতুন সার্চ কমিটি বানাতে হবে।" বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, সার্চ কমিটি গঠন করে গ্রামীণ ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিতে তিন মাসের মতো সময় লাগতে পারে। তার আগ পর্যন্ত উপ ব্যবস্থাপনা পরিচালকই কাজ চালিয়ে যাবেন। এদিকে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেছেন, সরকার ড. ইউনূসের সঙ্গে আলোচানা শুরু করবে এবার। তিনি বলেন, "প্রাথমিক আলোচনা করার রাস্তাটা এখন উন্মুক্ত হয়েছে। সুতরাং এখন সেটা অবলম্ববন করব। ...এতোদিন তো মোকদ্দমা ছিল, সুতরাং আমি কীভাবে (আলোচনা) করতাম, উনিই বা কী করে করতেন। তিনি বিভিন্ন চ্যানেলে কথা বলেছেন, কিন্তু তার সঙ্গে কথা হয়নি। এখন কথা হতে পারবে।" ইউনূসের সঙ্গে সরকার কী নিয়ে আলোচনা করবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, "তার নিশ্চই অনেক বক্তব্য থাকবে, উপদেশ থাকবে- এই প্রতিষ্ঠান সম্পর্কে। তাছাড়া (গ্রামীণ ব্যাংক পর্যালোচনা কমিটির) প্রতিবেদনে অনেক সুপারিশ আছে। সে বিষয়েও তার সঙ্গে কথা বলা যাবে।" গত বছরের ডিসেম্বরের শুরুতে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে 'ক্ষুদ্র ঋণের ফাঁদে' নামে একটি প্রামাণ্যচিত্র প্রচার হয়। এতে গ্রামীণ ব্যাংকের তহবিল গ্রামীণ কল্যাণ নামে সহযোগী একটি প্রতিষ্ঠানে স্থানান্তরের অভিযোগ ওঠে ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। এরপরই গ্রামীণ ব্যাংকের সার্বিক কার্যক্রম তদন্তে একটি পর্যালোচনা কমিটি গঠন করে সরকার। তদন্ত কমিটি গত ২৫ এপ্রিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে প্রতিবেদন দেওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে ওই প্রতিবেদনের ভিত্তিতে গ্রামীণ ব্যাংকের এখতিয়ার বহির্ভুত কর্মকাণ্ডের খবর প্রকাশিত হয়। বৃহস্পতিবার ওই প্রতিবেদনটিই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি জানান, অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mof.gov.bd) প্রতিবেদনটি পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০১১৫ ঘ.