জামালপুর, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাবিতে জেলা শহরের শেখেরভিটা ও নয়াপাড়া পাঁচরাস্তা এলাকার বাসিন্দারা সড়ক অবরোধ করেছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত জামালপুর-মাদারগঞ্জ সড়কের শেখেরভিটা এলাকায় পিডিবি কার্যালয়ের সামনে কয়েকশ' গ্রাহক অবস্থান নেয়।
পুলিশ জানিয়েছে, এ সময় তারা বিক্ষোভ মিছিল করে এবং টায়ার জ্বালিয়ে সড়কে অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ এলে তারা অবরোধ তুলে নেয়।
জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল সিদ্দিকী জানান, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর তারা অবরোধ তুলে নেয়।
জামালপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, বুধবার বিকালে ঝড়ের সময় ট্রান্সফমারটি বিকল হয়ে গেছে। পিডিবিতে ট্রান্সফর্মার না থাকায় পুরাতন একটি ট্রান্সফমার মেরামতের কাজ চলছে।
আশা করা হচ্ছে শনিবারের মধ্যে ট্রান্সফমারটি স্থাপন করা সম্ভব হবে, বলেন তিনি।
শেখেরভিটা এলাকার পিডিবির বিদ্যুৎ গ্রাহক মজনু শেখ, ইয়ার হোসাইন জানান, বুধবার ট্রান্সফর্মার বিকল হওয়ার পর থেকে শেখেরভিটা, নয়াপাড়া পাঁচরাস্তার মোড় ও পুরাতন ওয়াপদা এলাকায় বিদ্যুৎ নেই। এতে এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।
তারা বলেন, গত ৩দিন ধরে তাদের ট্রান্সফর্মারটি মেরামতের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তখন থেকেই অন্ধকারে রয়েছে এলাকার তিন শতাধিক গ্রাহক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২১ ঘ.
bdnews24