ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিতে আমন্ত্রিতদের মতামতের ভিত্ততে তৈরি খসড়া প্রতিবেদন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন কমিটির সদস্যরা।
প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শুক্রবার সন্ধ্যা থেকে আড়াই ঘণ্টাব্যাপী এ বৈঠকে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে বিশেষ কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সবার মতামত পর্যালোচনার পর সার্বিক অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
'ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় আমরা মানি' উল্লেখ করে তিনি জানান, আদালতের রায়ের বিষয়টিও বিশেষ কমিটি গুরুত্বেও সঙ্গে বিবেচনা করছে।
গত বুধবার সুপ্রিম কোর্ট এক রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। তবে আরো দুই বছর এ ব্যবস্থায় নির্বাচন চলতে পারে বলে মত দেয় আদালত। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের সুযোগ সৃষ্টি করা হয়েছিল।
আদালতের ওই রায়ের পর সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, ত্রয়োদশ সংশোধনী বাতিল সংক্রান্ত রায় দূরদর্শী ও সাহসী। রায়ের কপি পেলে সংবিধান সংশোধন কমিটি তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
বিশেষ কমিটির চেয়ারম্যান ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে কমিটির সদস্যরা গণভবনে যান বিকাল ৫টার পরে। বৈঠক শেষ হয় সাড়ে ৭টার পর। ১৫ সদস্যের বিশেষ কমিটির অধিকাংশ সদস্যই এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কমিটির সদস্য আমির হোসেন আমু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী সংসদ অধিবেশনে সংবিধান বিশেষ কমিটির সুপারিশ উপস্থাপনের জন্য কাজের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
আগামী অধিবেশনের প্রথমভাগেই বিল আকারে পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত সুপারিশ সংসদে তোলা হবে বলে জানান তিনি। ২২ মে সংসদের নবম অধিবেশন শুরু হচ্ছে।
আমু বলেন, "ত্রয়োদশ সংশোধনী নিয়ে আদালতের রায় আমরা লালন (ওউন) করি। এ বিষয়টিও বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে।"
এর আগে নিজেদের মতামত গুছিয়ে বিশেষ কমিটির কাজের অগ্রগতি নিয়ে গত ১১ থেকে ১৩ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সদস্যরা। এরপর সংসদে প্রতিনিধিত্বকারী দল, সাবেক প্রধান বিচারপতি, আইনজ্ঞ, জ্যেষ্ঠ আইনজীবী, বিশিষ্টজন ও সম্পাদকদের মতামত নেওয়া হয় কমিটি।
সংবিধান সংশোধনে গত বছর ২১ জুলাই সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান ও সুরঞ্জিত সেনগুপ্তকে কো-চেয়ারম্যান করে এই সংসদীয় বিশেষ কমিটি গঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/জেকে/২২০৬ ঘ.
bdnews24