সাভার, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) একটি সোয়েটার কারখানায় বিক্ষোভের ঘটনায় ৩২৮ শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাতে সফটেক্স সোয়েটার লিমেটেড'র কারখানা ব্যবস্থাপক (মানবসম্পদ) বিশ্বজিৎ চক্রবর্তী আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৩০০ জনকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান কউশিক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক শ্রমিককে মারধর ও মজুরি বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার সকালে সকালে শ্রমিকরা বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা মালিকপক্ষের লোকদের উপর হামলা চালায়।
এ সময় মালিকপক্ষের লোকজনও পাল্টা হামলা চালালে দু'পক্ষের সংর্ঘষ শুরু হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছিল।
সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা ভবনের জানালার কাচ ভাংচুর করেছে। এরপর কারখানাটি একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৩ ঘ.
bdnews24