২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা যুক্তরাজ্য যাচ্ছেন শনিবার, তারেকের সঙ্গে দেখা হবে

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া শনিবার যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। সফরকালে তিনি লন্ডনে চিকিৎসাধীন বড়ো ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে যাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া শনিবার যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। সফরকালে তিনি লন্ডনে চিকিৎসাধীন বড়ো ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে যাবেন। সকাল পৌনে ১০টায় এমিরেটস এর একটি ফ্লাইটে খালেদা রওনা হবেন। পথে দুবাইয়ে তিনি যাত্রাবিরতি করবেন। শুক্রবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান। পরে যুক্তরাজ্য থেকে ২১ মে খালেদা যুক্তরাষ্ট্র সফরে যাবেন। বিরোধী দলীয় নেতা হিসেবে খালেদা প্রথমবারের মতো যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। বিরোধী দলীয় নেতার সফরসূচি অনুযায়ী, তিনি ১৪ মে থেকে ২১ মে পর্যন্ত যুক্তরাজ্য এবং ২১ মে থেকে ২৭ মে পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করবেন। যুক্তরাষ্ট্র সফর শেষে ২৭ মে দেশের উদ্দেশে রওনা হয়ে ২৯ মে তিনি ঢাকা পৌঁছবেন। মারুফ কামাল খান জানান, লন্ডনে অবস্থানকালে খালেদা তার বড়ো ছেলের সঙ্গে কিছু সময় কাটাবেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তারেক রহমান চিকিৎসার জন্য লণ্ডন যান। সেসময় থেকে লণ্ডনে তার চিকিৎসা চলছে। গত ৫ মে ঢাকার একটি বিচারিক আদালত তারেক রহমানের বিরুদ্ধে মুদ্রা পাচারের মামলাটি গ্রহণ করে আগামী ১৯ মে অভিযোগ গঠনের দিন ধার্য করে। তারেকের সঙ্গে তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনও এ মামলার আসামি। ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় তারেক রহমান ও তার ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। গত বছরের ৬ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক। এতে বলা হয়, তারেক ও মামুন ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ২০ দশমিক ৪১ কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন। তারেকের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে অন্তত ১৪টি মামলা বিচারাধীন। তার বন্ধু মামুন বর্তমানে কারাগারে রয়েছেন। প্রেস সচিব আরো বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরকালে বিএনপি চেয়ারপারসন সেসব দেশের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করবেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে নিজ দলের অবস্থান ব্যাখ্যা করবেন। প্রবাসী বাংলাদেশীদের সঙ্গেও মত বিনিময় করবেন খালেদা। খালেদার সফরসঙ্গী হিসেবে থাকছেন- তার উপদেষ্টা ওসমান ফারুক, আবদুল আউয়াল মিন্টু, সাবিহ উদ্দিন আহমেদ, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাংবাদিক শফিক রেহমান, প্রেস সচিব মারুফ কামাল খান, খালেদা জিয়ার সহকারী শিমুল বিশ্বাস, আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ, বিএনপির আইটি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ ও মুসফিক ফজল আনসারী। এরই মধ্যে শফিক রেহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও মুসফিজ ফজল আনসারী অগ্রগামী দল হিসেবে লন্ডনে অবস্থান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮২৩ ঘ.