২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চালক খুন, মোটরসাইকেল ছিনতাই

সাতক্ষীরায় চালককে খুন করে তার মোটরসাইকেলটি নিয়ে গেছে যাত্রীবেশী দুর্বৃত্তরা। পরে মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

সাতক্ষীরা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় চালককে খুন করে তার মোটরসাইকেলটি নিয়ে গেছে যাত্রীবেশী দুর্বৃত্তরা। পরে মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বৃহস্পতিবার গভীর রাতে কলারোয়া বাজার থেকে মোটরসাইকেলটি যুগিখালির উদ্দেশে রওনা হন। রাতেই উপজেলার মানিকনগর গ্রামের আড়খাল এলাকায় চালক গোলাম রব্বানী সানার (৩৮) লাশ পাওয়া যায়। রব্বানী উপজেলার গাজনা গ্রামের জামাল উদ্দীন সানার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রব্বানী অনেকদিন ধরে ভাড়ায় মোটরসাইকেল চালাচ্ছেন। বৃহস্পতিবার রাতে যাত্রী বেশে দুই ব্যক্তি কলারোয়া বাজার থেকে যুগিখালি যাওয়ার কথা বলে তার মোটরসাইকেল ভাড়া করে। কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, পথে মানিকনগর গ্রামের আড়খাল এলে রব্বানীকে মাথায় গুলি করে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার সকালে যশোরের কুটুলি গ্রামে মোটরসাইকেলটি পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে তার লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রব্বানীর ভাই গোলাম মোস্তফা সানা কলারোয়া থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৫০ ঘ.