সাতক্ষীরা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় ২০ কেজি রূপাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ দুই জনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহরের কাশেমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য রফিকুল ইসলাম ও একই এলাকার নাসির উদ্দীন।
বিজিবি ৪১ ব্যাটালিয়নের ঝাউডাঙ্গা ক্যাম্পের হাবিলদার কাজল চক্রবর্তী সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতে কাশেমপুর সীমান্ত এলাকা থেকে ছেড়ে আসা একটি ভ্যান থামিয়ে রফিকুল ও তার সহযোগী নাসিরের কাছ থেকে ২০ কেজি রূপা উদ্ধার করা হয়।
কাজল চক্রবর্তী জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্ত পথে রূপা চোরাচালানের সঙ্গে জড়িত বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, শুক্রবার সকালে ইউপি সদস্য রফিকুল ও তার সহযোগীকে থানায় সোপর্দ করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলাও করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/১৭৪৭ ঘ.
bdnews24