২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামির পলায়ন, ২ পুলিশ সদস্য বরখাস্ত

অপহরণ মামলার আসামি পালিয়ে যাওয়ায় ঝিনাইদহের শৈলকুপা থানার দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 02:10 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঝিনাইদহ, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণ মামলার আসামি পালিয়ে যাওয়ায় ঝিনাইদহের শৈলকুপা থানার দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাদের বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। বরখাস্তকৃতরা হচ্ছেন-শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন। ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্যালো ইঞ্জিন চালিত যান আলমসাধুর চালক সোহেল অপহরণ মামলার আসামি আলী আজম ওরফে সাবুকে মঙ্গলবার ডিবি পুলিশের সহায়তায় ঢাকা থেকে গ্রেপ্তার করেন ওই দুই পুলিশ কর্মকর্তা। বুধবার রাতে তারা আসামিকে নিয়ে প্রাইভেট কারে করে ঢাকা থেকে শৈলকুপায় আসছিলেন। ভোর ৫টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের হাটগোপালপুর বাজারে এসে চালক গাড়ী থামিয়ে রাস্তার পাশের একটি দোকানে চা খেতে যান। এসময় আসামি হাতকড়া খুলে পালিয়ে যায়। হাতকড়ার চাবি ছিল জাকির হোসেনের কাছে। সে চাবিটিও পাওয়া যাচ্ছে না বলে জানান এসপি। গত ৯ এপ্রিল সোহেল তার আলমসাধুসহ শৈলকুপা শহর থেকে নিখোঁজ হয়। ১১ এপ্রিল সোহেলের বড় ভাই ওসমান গণি শৈলকুপা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এসপি জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯৫৪ ঘ.