ঝালকাঠি, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাবের কথিত বন্দুকযুদ্ধে লিমনের পঙ্গু হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কর্মকর্তা অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শওকত আকবর দ্বিতীয়বারের মতো সাক্ষ্য নিয়েছেন।
বৃহস্পতিবার রাজাপুর ডাক বাংলোয় সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিনি এই সাক্ষ্য নেন।
মো. শওকত আকবর সাংবাদিকদের জানান, নোটিশ দেয়ার পরও লিমনের মা হেনুয়ারা বেগম সাক্ষ্য দিতে আসেননি। ঘটনা তদন্তের জন্য প্রদত্ত কাগজপত্রে যেসব লোকের নাম দেওয়া হয়েছে তাদেরই সাক্ষ্য নেয়া হচ্ছে।
তদন্ত কর্মকর্তা বলেন, প্রথমবার যাদের পাওয়া যায়নি তাদেরকে বৃহস্পতিবার এসে সাক্ষ্য দেয়ার জন্য নোটিশ দেয়া হয়। তবে নোটিশ গ্রহণ করার পরও লিমনের মা হেনুয়ারা বেগম আসেননি। এছাড়াও কিছু এলাকাবাসী স্বতঃস্ফুর্তভাবে এসেছিলেন। তাদেরও বক্তব্য শোনা হয়।
তিনি বলেন, যতটুকু সাক্ষ্য নিয়েছেন তাতে রাজাপুরে যাওয়ার আর প্রয়োজন হবে না। তবে তথ্য বিশ্লেষণ করে যদি প্রয়োজন হয় তাহলে আবার যাবেন।
তিনি জানান, যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়া হবে।
গত ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুরে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে আহত হয় লিমন। গুলিবিদ্ধ লিমনের দাবি, র্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গুলি করেছে। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে তার একটি পা কেটে ফেলতে হয়।
লিমনের বিরুদ্ধে র্যাব যে দুটি মামলা করে তার একটিতে বিচারিক আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। তবে হাইকোর্ট তাকে জামিন দেয়।
কারা হেফাজতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলে লিমনের। সোমবার জামিনে মুক্ত হন তিনি। বর্তমানে লিমন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯০৬ ঘ.
bdnews24