ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১ হাজার ১৬৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য চারটি কেন্দ্র নির্মাণে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সরকার।
এর মধ্যে বিবিয়ানা-১, বিবিয়ানা-২ ও মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণের জন্য সামিট-জিই কনসোর্টিয়ামের সঙ্গে এবং খুলনায় একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কম্পানির সঙ্গে চুক্তি হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎ ভবনে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এসব কেন্দ্র ২০১৩ সালে মধ্যে উৎপাদনে আসবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে বিনিয়ানা-১ কেন্দ্র থেকে ৩৪১ মেগাওয়াট, বিনিয়ানা-২ থেকে ৩৪১ মেগাওয়াট, মেঘনাঘাট কেন্দ্র থেকে ৩৩৫ মেগাওয়াট এবং খুলনায় নর্থ ওয়েস্টের কেন্দ্র থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।
সরকার বিনিয়ানা-১ কেন্দ্র থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ ৩ দশমিক ৩২ সেন্ট এবং বিনিয়ানা-২ কেন্দ্র থেকে ৩ দশমিক ৩৯ সেন্ট দরে কিনবে।
মেঘনাঘাট কেন্দ্রে গ্যাস ও ফার্নেস অয়েল-দুই ধরনের জ্বালানিতেই বিদ্যুৎ উৎপাদন করা যাবে। গ্যাসে উৎপাদিত বিদ্যুতের দাম পড়বে প্রতি কিলোওয়াট ৩ দশমিক ৯৮ সেন্ট। আর ফার্নেস অয়েলের ক্ষেত্রে দাম পড়বে কিলোয়াট প্রতি ৯ দশমিক ৭ সেন্ট।
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কম্পানি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি সহযোগী সংস্থা হওয়ায় খুলনায় এ কোম্পানির কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যোগ হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হকসহ চীন, যুক্তরাষ্ট্র, স্পেনের রাষ্ট্রদূত; ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৮২৪ ঘ.
bdnews24