২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ব্যবসায়ী হত্যা মামলায় একজন রিমান্ডে

রাজশাহীতে ব্যবসায়ী আমিনুল হক (৪৭) হত্যা মামলার প্রধান আসামি সারোয়ার হোসেনের স্ত্রী নার্গিস বেগমকে (৪০) দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

রাজশাহী, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে ব্যবসায়ী আমিনুল হক (৪৭) হত্যা মামলার প্রধান আসামি সারোয়ার হোসেনের স্ত্রী নার্গিস বেগমকে (৪০) দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর মুখ্য মহানগর আদালতের বিচারক মেজবাউল হক এ রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা ও রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক খান মোহাম্মদ শাহরিয়ার রাজধানীর মিরপুর এলাকা থেকে নার্গিস বেগমকে গ্রেপ্তার করে। রাতেই তাকে রাজশাহীতে নিয়ে আসা হয়। গত ১০ এপ্রিল ব্যবসায়ী আমিনুল হক নিখোঁজ হন। এ ঘটনায় আমিনুলের স্ত্রী মাসুমা বোয়ালিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ১৩ এপ্রিল ভোরে নগরীর আলুপট্টিতে মুদি ব্যবসায়ী সারোয়ারের ভাড়া বাসা থেকে পুলিশ আমিনুল হকের ৯ টুকরা লাশ উদ্ধার করে। এ সময় সারোয়ার ও তার দোকানের কর্মচারী আব্দুল হাকিমকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ব্যবসায়ী আমিনুল হকের স্ত্রীর কাছ থেকে মুক্তিপণ হিসেবে নেওয়া ১৯ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার হয়। ওই দিনই সারোয়ার ও হাকিম এই হত্যার দায় স্বীকার করে রাজশাহীর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়। হত্যাকাণ্ডের পর থেকে সারোয়ারের স্ত্রী নার্গিস বেগম পলাতক ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা খান মোহাম্মদ শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নার্গিসকে জিজ্ঞাসাবাদে মামলার তদন্তে অগ্রগতি হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮২৮ ঘ.