ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে সড়ক যোগাযোগ ও গৃহায়ণ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া।
মালয়েশিয়ার বিশেষ দূত দাতো সেরি এস সামি ভেল্লু বৃহস্পতিবার সকালে ঢাকায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎকালে তার দেশের এই আগ্রহের কথা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ পরে সাংবাদিকদের এ প্রসঙ্গে জানান।
আবুল কালাম আজাদ বলেন, দু'দেশের পারস্পরিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
মুসলিম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়ায় শেখ হাসিনা ধন্যবাদ জানান।
দাতো সেরি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের জনগণের জন্য আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। তারা তা আগ্রহের সাথে পর্যবেক্ষণ করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৭৩৪ ঘ.
bdnews24