ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখন থেকে সোমবার বাংলাদেশ সচিবালয়ে দর্শণার্থী মুক্ত দিবস হচ্ছে।
মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সভা কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আগে সচিবালয়ে দর্শণার্থী মুক্ত দিবস ছিলো বৃহস্পতিবার। কিন্তু, সোমবার নিয়মিতই মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় বলে বৃহস্পতিবারের বদলে সোমবারকেই দর্শণার্থী মুক্ত দিবস করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে দেশের বাইরে থাকায় এই সপ্তাহে সোমবারের বদলে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ পরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদেরকে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তগুলো জানান।
বৈঠকে বঙ্গোপসাগরে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ ও আহরণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
আবুল কালাম আজাদ জানান, মৎস্যসম্পদের সুষ্ঠু আহরণ ও ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩০টি মিড ওয়াটার ট্রলার চাওয়া হয়েছে।
বৈঠকের প্রথমেই ক্ষুদ্র ও কুটির শিল্প অর্থায়ন ট্রাস্ট আইন ২০১১ এর খসড়া উত্থাপিত হয়। তবে, আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য এই খসড়া ফেরত পাঠানো হয়েছে।
আবুল কালাম আজাদ বলেন, "সংশ্লিষ্টদেরকে আত্মীকরণের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন অর্থ সচিব, শিল্প সচিব, সংস্থাপন সচিব, সমবায় সচিব ও বিসিকের চেয়ারম্যান।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৬২৪ ঘ.
bdnews24