ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজছাত্র কামরুল ইসলাম মোমিন হত্যা মামলায় বৃহস্পতিবার যুক্তিতর্কের শুনানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল ইসলাম আগামী ১৮ মে যুক্তিতর্কের অবশিষ্ট শুনানি গ্রহণের দিন ঠিক করেছেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম বৃহস্পতিবার য্ুিক্ততর্কের শুনানি করেন। তিনি জানান, নিয়ম অনুযায়ী যুক্তিতর্ক শুনানি গ্রহণের পর মামলার রায় ঘোষণা করা হবে।
গত রোববার আসামিদের আত্মপক্ষ সমর্থনে দাখিল করা লিখিত বক্তব্য শোনার পর একই বিচারক যুক্তিতর্কের শুনানির জন্য বৃহস্পতিবার দিন রাখেন।
বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর জাসদ ছাত্রলীগের ঢাকা মহানগর নেতা মোমিনকে তাদের উত্তর ইব্রাহীমপুরের বাসার সামনে খুন করে দুষ্কৃতকারীরা। ওই দিনই মোমিনের বাবা আ. রাজ্জাক হত্যা মামলা করেন। পরে ওই খুনের ঘটনায় কাফরুল থানার তৎকালীন ওসি রফিকুল ইসলামের সম্পৃক্ততা পাওয়া যায়।
গত ২ জানুয়ারি এ মামলার প্রধান আসামি ওসি রফিক ও শীর্ষ সন্ত্রাসী হাবিবুর রহমান তাজের বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করে আদালত।
রোববার ওসি রফিক, বাবু ওরফে ঠোঁট উচা বাবু, হাবিবুর রহমান তাজকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়।
এ মামলায় অভিযুক্ত অপর ছয় আসামি শুরু থেকেই পলাতক। এরা হলেন- তারেক ওরফে জিয়া, হাসিবুল হক জনি, মো. জাফর, মনির হাওলাদার, শাখাওয়াৎ হেসেন জুয়েল ও শরীফ উদ্দিন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৬১৬ ঘ.
bdnews24