ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারককে প্রধান বিচারপতি নিয়োগ না করার প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। নতুন নিয়োগ পাওয়া প্রধান বিচারপতিকেও প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে তারা।
রাষ্ট্রপতি বুধবার আপিল বিভাগের বিচারক মো. মোজাম্মেল হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগ দেন। এরপর বৃহস্পতিবার পদত্যাগ করেন আপিল বিভাগে তার চেয়ে জ্যেষ্ঠ বিচারক শাহ আবু নাঈম মোমিনূর রহমান।
প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতার লঙ্ঘন হলে আন্দোলনের হুমকি আগেই দিয়ে এসেছিলো আইনজীবী সমিতি, যার নিয়ন্ত্রণ এখন সরকারবিরোধী আইনজীবীদের কব্জায়।
বুধবারের রাষ্ট্রপতির আদেশের পর বৃহস্পতিবার দুপুরে সমিতি কার্যালয়ে জরুরি সভা ডাকে আইনজীবী সমিতি।
সভায় সিদ্ধান্ত হয়েছে- প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের প্রতিবাদে ১৫ মে সুপ্রিম কোর্টসহ সারাদেশের আদালতে কালো পতাকা উত্তোলন করা হবে এবং আইনজীবীরা কালো ব্যাজ ধারণ করবে। সুপ্রিম কোর্টে কালো পতাকা পরবর্তী দুই দিনও উড়বে।
শপথ নেওয়ার সময় উত্তরীয় প্রত্যাখ্যান করে এ ঘটনার প্রতিবাদে দৃষ্টান্ত স্থাপনের জন্য বিচারপতি মোজাম্মেল হোসেনের প্রতি আহ্বান জানান আইনজীবী নেতারা।
আইনজীবী সমিতির নেতাদের দাবি, নতুন প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সরকারের রাজনৈতিক অভিসন্ধি কাজ করেছে।
মোমিনূর রহমান নিয়োগ পেলে আগামী কয়েক মাসের মধ্যে অবসরে যেতেন তিনি। সেক্ষেত্রে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে তার নামই আগে থাকতো। তবে মোজাম্মেল হোসেনের অবসরের বয়সসীমা দেরিতে হওয়ায় এখন বিদায়ী প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নামই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আগে থাকবে।
সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেন সভায় বলেন, "গুটি হিসেবে চালানো যাবে না বলে আবু নাঈম মোমিনূর রহমানকে প্রধান বিচারপতি করা হয়নি। তাকে করা হলে তিনি হতেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। তিনি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকারের জনপ্রতিনিধিদের তুলে আনতেন।"
"কোন অপরাধে তাকে সর্বোচ্চ সম্মান থেকে বঞ্চিত করা হলো, তার বিচার ইতিহাস করবে", বলেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা মাহবুব।
সম্ভব হলে পদত্যাগী বিচারক মোমিনূর রহমানকে সমিতি সংবর্ধনা দেবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৫১০ ঘ.
bdnews24