সাভার, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) একটি পোশাক কারখানায় কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নতুন জোনের সফটেক্স সোয়েটার লিমেটেড কারখানায় সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এরপর কারখানাটিতে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আশুলিয়া থানার ওসি আব্দুর রশিদ জানান, কারখানার শ্রমিকরা কয়েকদিন ধরে উৎপাদন মজুরি (পিসরেট) বৃদ্ধির দাবি করে আসছিলো। তারা প্রতিটি পোশাকের উৎপাদন মজুরি ৬৫ টাকার পরিবর্তে ৭৫ টাকা এবং ৫০ টাকার পরিবর্তে ৬৫ টাকা দেওয়ার দাবি করে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শনিবার শ্রমিকরা আবার এ দাবি উত্থাপন করলে কারখানা কর্তৃপক্ষ মনির হোসেন নামে এক শ্রমিককে মারধর করে। এ ঘটনার জের ধরে সকালে শ্রমিকরা কারখানার কর্মকর্তাদের ওপর হামলা চালায়।
শিল্প পুলিশ-১ এর আশুলিয়া জোনের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানায় সকালের শিফটের তিন শতাধিক শ্রমিক কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এ সময় শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়।
আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনার পর ডিইপিজেডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৫৯ ঘ.
bdnews24